গাবতলী পশুর হাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে আল্টিমেটাম
গাবতলী গবাদি পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়সহ বিভিন্ন ধরনের হয়রানি করা হয় অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
অন্যত্থায় আগামী ১৯ জুন ঢাকায় মাংস বিক্রি বন্ধ রাখার হুমকি দিয়েছেন তারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতি আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমিতির মহাসচিব রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজারাদার লুৎফর রহমান এবং তার সহযোগী মজিবর রহমান গাবতলী গরুর হাটে নৈরাজ্য সৃষ্টি করেছে।
“ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত খাজনা নেওয়া হচ্ছে। নানা ছুতোয় মাংস ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের জরিমানা করা ছাড়াও হয়রানি করা হচ্ছে।”
এ বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে ঈদের সাত দিন পর অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন মাংস ব্যবসায়ীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইজরাদার লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজারার শর্ত অনুযায়ী মাংস ব্যবসায়ীদের কাছ থেকে গরু প্রতি ৫০, মহিষ প্রতি ৭০ এবং ছাগল-ভেড়া প্রতি ১৫ টাকা করে নিচ্ছেন।
“কিন্তু সাধারণ ক্রেতার ক্ষেত্রে এই হার পশুর দামের শতকরা সাড়ে তিন টাকা। কতিপয় ব্যক্তি হাটে ঢুকে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করে প্রাপ্ত শতকরা সাড়ে তিন টাকা না দিয়ে মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত টাকা খাজনা দিয়ে চলে যায়।”
দোকান নাই, ব্যবসা করার মতো পুঁজি নাই এমন শতশত ব্যক্তিকে মাংস ব্যবসায়ী সমিতি কার্ড দিয়েছে এবং তারাই এসব করছে বলে অভিযোগ লুৎফরের।
