২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস ব্যবসায়ীদের অভিযোগ মিথ্যা: গাবতলী হাট ইজারাদার

গাবতলী পশুর হাটে আইন না মেনে ইজারা আদায়ের যে অভিযোগ মাংস ব্যাবসায়ীরা করেছেন, তা ‘মিথ্যা’ বলে দাবি করেছেন হাটের ইজারাদার লুৎফর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 10:28 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

মাংস ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনের পরদিন সোমবার এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, মাংস ব্যবসায়ীরা ‘কারসাজি করে খাজনা ফাঁকি দিচ্ছেন’।

লুৎফর বলেন, “বেশি করে খাজনা আদায় ও চাঁদাবাজির যে অভিযোগ মাংস ব্যবসায়ীরা করেছেন, তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইজারারা শর্তের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই।

“আর চাঁদাবাজির বিষয়টি একেবারেই অবান্তর। এখানে সার্বক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা তদারকি করে থাকেন।”

রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা অভিযোগ করেন, গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান হাটে আসা ক্রেতাদের কাছ থেকে ‘বিশেষ কায়দায়’ অতিরিক্ত টাকা আদায় করছেন।

মাংস ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির জন্য লুৎফর সন্ত্রাসী ‘মজিবর বাহিনী’ গঠন করেছেন বলেও অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলনে।

লুৎফর বলেন, “হাটে ইজারার শর্ত অনুযায়ী হাটে পশু কিনতে অসাধারণ ক্রেতাদের জন্য প্রতিটি পশুর মূল্যের উপর শতকরা ৩ টাকা পঞ্চাশ পয়সা খাজনা আদায়ের বিধান রয়েছে। ঈদুল আজহায় এটা হয় ৫ টাকা। আর মাংস ব্যাবসায়ীদের জন্য খাজনার হার ছাগল ও ভেড়া প্রতিটি ১৫ টাকা, গরু প্রতি ৫০ এবং মহিষ প্রতি ৭০ টাকা। এটা সিটি কর্পোরেশন নির্ধারিত খাজনা।

“কিন্তু বাস্তবে যেটা হয়, সাধারণ ক্রেতারা হাটে এলে অনেক মাংস ব্যবসায়ী তাদের প্রভাবিত করে তাদের ভাগের ৫০ টাকা/৭০ টাকা খাজনা দিয়ে ক্রেতাদের হাসিলের টাকা বাগিয়ে নেয়। বিষয়টি আমি সমিতির নেতৃবৃন্দদের একাধিকবার জানিয়েছি, কোনো কাজ হয়নি।”

এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, “আমাদের যা বলার তা গতকাল সংবাদ সম্মেলনে বলেছি।”