২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির আগে গাবতলী পশুর হাট ঘেরাওয়ের হুমকি

গাবতলী পশুর হাটের ইজারাদার আইন না মেনে অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা ইজারাদার লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির জন্য ‘মজিবর বাহিনী’ নামে নিজস্ব সন্ত্রাসী বাহিনী পালনের অভিযোগও করেন।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর তাদের বিরুদ্ধে পাল্টা ক্রেতাদের কাছ থেকে ‘বিশেষ কায়দায়’ বাড়তি টাকা আদায়ের অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, “গাবতলী পশুর হাটের ইজারাদার ইজারার শর্ত না মেনে অতিরিক্ত খাজনা আদায় করেন। মজিবর বাহিনী নামে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। সেই বাহিনী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।”

ঢাকা সিটির দুই মেয়র এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেও লাভ হয়নি দাবি করে ব্যবস্থা না নিলে কোরবানি ঈদের আগে রাজধানীর প্রধান এই পশুর হাট ঘেরাওয়ের হুমকিও দেন তিনি।

“তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আগামী কোরবানির ঈদের আগে মাংস ব্যবসায়ীরা গাবতলী পশুর হাট ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হবে।”

ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব বলেন, “ইজারার শর্তে হাট পর্যবেক্ষণ কমিটি করার কথা থাকলও তা হয়নি। কমিটি হলে সমস্যা অনেকংশে সমাধান হবে।”

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টু বলেন, “আমরা ব্যবসায়ীরা জনস্বার্থে এই ধরনের অবস্থার প্রতিকার চাই। এজন্য এই সংবাদ সম্মেলন।”

তবে গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।

“ওই ব্যবসায়ীরা আইন না মেনে নিজের সংগঠনের নামের বিভিন্ন মানুষকে কার্ড দেয়। সেই কার্ড দেখিয়ে হাটের বাইরে থেকে কাস্টমার ধরে এনে হাট থেকে তাদের গরু কিনে দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায় করে। এসব কাজ করতে না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ করছেন।”

‘মুজিবর বাহিনী’ নামে নিজস্ব সন্ত্রাসী থাকার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “মজিবর আমার লোক না, তিনি হাটের একজন ব্যবসায়ী।”

জানতে চাইলে বাংলাদেশ গবাদি পশু ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান বলেন, “প্রায় তিন দশক ধরে আমি গাবতলী পশুর হাটে ব্যবসা করে আসছি। আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না।

“যারা বলছেন, আমরা চাঁদাবাজি করি- তারা মিথ্যা অভিযোগ করছেন। আমরা চাঁদাবাজ হলে তো আমাদের বিরুদ্ধে র‌্যাব-পুলিশ ব্যবস্থা নিত।”