২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফসানার ময়নাতদন্ত পুনরায় করার দাবি

ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌস আত্মহত‌্যা করেছেন বলে যে বক্তব‌্য ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছ থেকে এসেছে, তা প্রত‌্যাখ‌্যান করেছে খুন-ধর্ষণ-জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বক্তব‌্যের পর ঢাকার শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে পুনরায় ময়নাতদন্তের দাবিও জানায় সংগঠনটি।

ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে মৃত অবস্থায় গত ১৩ অগাস্ট রাতে আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ।

তারপর এই তরুণীর পরিবার দাবি করে, আফসানাকে শ্বাসরোধে হত‌্যা করা হয়েছে এবং এতে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন জড়িত।

রোববার দুপুরে আফসানার ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেহের কোথাও আঘাত না পাওয়ায় তারা ধারণা করছেন যে এই তরুণী আত্মহত‌্যা করেছেন।

তবে আরও কিছু পরীক্ষা বাকি থাকায় আফসানাকে ধর্ষণ কিংবা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

আফসানা ‘হত‌্যার’ প্রতিবাদে রোববার শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি থেকে ওই চিকিৎসকের বক্তব‌্য প্রত‌্যাখ‌্যান করে ‘খুন-ধর্ষণ-জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন’।

সমাবেশে বক্তারা কুমিল্লার কলেজছাত্র সোহাগী জাহান তনুর মতো আফসানার ময়নাতদন্ত নিয়েও গড়িমসির অভিযোগ করেন।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, “আফসানার মৃত্যুর পরের ঘটনাবলী প্রমাণ করে আফসানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

“আফসানার মৃত্যুর পর থেকে সন্দেহভাজন হাবিবুর রহমান রবিন কেন এখনও লাপাত্তা? প্রশাসন এখনও কেন তাকে আটক করতে পারেনি? আফসানার মৃত্যুর পর বিভিন্নভাবে পরিবারকে ফোন করে সমঝোতার প্রস্তাব এবং বিষয়টিকে বাড়াবাড়ি না করার প্রস্তাব কেন দেওয়া হয়? “

রবিন ছাত্রলীগের নেতা নন বলে যারা বলছেন, তাদের উদ্দেশে লাকী বলেন, “তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি কী করে থাকে? ছাত্রলীগের মিছিলে তাকে কীভাবে দেখা যায়?”

গণআন্দোলনের সমন্বয়ক শ্রমিক নেতা আসলাম খান শিক্ষার্থী আফসানার পুনরায় ময়নাতদন্তের দাবি জানান।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক তানজিম উদ্দিন খান, সিপিবির নিমাই গাঙ্গুলী, গণতান্ত্রিক আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী, ক্ষেতমজুর সমিতির মোতালেব হোসেন, গার্মেন্ট শ্রমিক নেত্রী জলি তালুকদার, উদীচীর প্রদীপ ঘোষ প্রমুখ।

পুরনো খবর:

আত্মহত্যা করেছেন আফসানা, ধারণা চিকিৎসকের
আফসানার মৃত্যু: ধরা পড়েননি রবিন, ঘটনাস্থলের সন্ধানে পুলিশ
রবিনের বন্ধুরা হুমকি দিচ্ছে: আফসানার ভাই
আফসানার মৃত্যু: অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে