আত্মহত্যা করেছেন আফসানা, ধারণা চিকিৎসকের
ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে মরদেহের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।
ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আফসানা আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।”
তবে আরও কিছু পরীক্ষা বাকি থাকায় আফসানাকে ধর্ষণ কিংবা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
“আত্মহত্যার যেধরনের লক্ষণ থাকে, আফসানার ক্ষেত্রে সেগুলো পাওয়া গিয়েছে। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা বা তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই প্রতিবেদন পেলে বলা যাবে,” বলেন অধ্যাপক শফি।
মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে মিরপুরের আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। তার আগেই আফসানার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে দাবি করে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে শুরু থেকে দায়ী করে আসছে পরিবার।
মৃত্যুর এক সপ্তাহ পরও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনকে ধরতে পারেনি পুলিশ।
