আফসানার মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মামলা
আফসানা ফেরদৌসের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মামলা করবেন বলে স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার আফসানার মা সৈয়দা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফসানার মৃত্যুর ছয়দিন পার হলেও পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেনি। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর থানায় একটি মামলা করবেন বলে তিনি জানান।
তার গলায় দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
আফসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে দাবি করে এজন্য তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিনকে দায়ী করছেন তার স্বজনরা।
এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের উপ- কমিশনার মাসুদ আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আফসানা ফেরদৌস ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কানিকশালগাঁওয়ের আক্তার হোসেনের মেয়ে।
