২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিনের বন্ধুরা হুমকি দিচ্ছে: আফসানার ভাই

আফসানা ফেরদৌসের মৃত‌্যুর ঘটনায় আপোষের প্রস্তাব দিয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

মো. শাকিল আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 10:37 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

পুরনো খবর:

আফসানা ‘হত্যার’ বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
আফসানার মৃত্যু: অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ছাত্র ইউনিয়ন কর্মী আফসানার বড় ভাই ফজলে রাব্বি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোন খুন হওয়ার পর থেকে রবিনের বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তারা আপোষের প্রস্তাব দিচ্ছে।”

ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী আফসানাকে অচেতন অবস্থায় শনিবার রাতে পল্লবীর আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ।

Image
তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন

তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন

Image
আফসানা ফেরদৌস ঢাকায় ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন

আফসানা ফেরদৌস ঢাকায় ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন

তাকে মৃত অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

আফসানাকে হত‌্যা করা হয়েছে দাবি করে এজন‌্য তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে দুষছে তার পরিবার।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কানিকশালগাঁওয়ে আফসানার বাড়ি। বাবা নেই; ভাই রাব্বি, ছোট বোন আফিয়া ও মা থাকেন সেখানে।

সোমবার বিকালে গ্রামের বাড়িতে আফসানার লাশ আসার পর রাতে তাকে দাফন করা হয়।

আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগ করে রাব্বি বলেন,এ ঘটনায় তার বোনের বন্ধু রবিন, সৌরভ ও বাবু ছাড়াও কয়েকজন জড়িত।

Image
আফসানার বড় ভাই ফজলে রাব্বি

আফসানার বড় ভাই ফজলে রাব্বি

গত ১২ অগাস্ট রাতে আফসানার সঙ্গে শেষ কথা হয় বলে জানান রাব্বি।

“সে বলে ‘আমি ফিরে না আসা পর্যন্ত কোরবানির গরু কিনবি না। এবার হাটে আমিও যাব। এক সাথে গরু কিনে মালা পরিয়ে হেঁটে হেঁটে বাসায় আসব’।

“কিন্তু ঈদের আগেই আফসানাকে বাড়ি ফিরতে হল লাশ হয়ে,” কাঁদতে কাঁদতে বলেন তিনি।

এ ‘হত‌্যাকাণ্ডের’ সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফজলে রাব্বি।