আফসানা ‘হত্যার’ বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঢাকার মিরপুরের সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির আফসানা ফেরদৌস ‘হত্যার’ বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মহিলা পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী আফসানার বাড়ি ঠাকুরগাঁওয়ে। অচেতন অবস্থায় গত শনিবার রাতে তাকে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।
তার গলায় দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, আফসানাকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেষ্টা চালাচ্ছে।
অবিলম্বে তারা এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
