নিউ ইয়র্কে কেন এই হত্যা, প্রশ্ন স্বজনদের
একজন মসজিদের ইমাম, অন্যজন ষাটোর্ধ্ব ‘নির্বিরোধী’ মানুষ-এমন দুজনকে নিউ ইয়র্কে গুলি করে হত্যার কারণ খুঁজে পাচ্ছেন না দেশে তাদের স্বজনরা।
নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার দুপুরে কুইন্সের ওজনপার্কের ‘আল ফোরকান জামে মসজিদ’ থেকে নামাজ পড়ে বেরিয়ে কাছেই বাসায় ফেরার পথে খুন ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও থেরাউদ্দিন (৬৪)।
আলাউদ্দিন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড এলাকার গোছাপাড়া গ্রামের প্রয়াত মাওলানা শাহ শামসুদ্দিন আকুঞ্জির তৃতীয় সন্তান। বাড়িতে ৯০ বছর বয়সী বৃদ্ধা মা ও সাত ভাই রয়েছে তার।
আর থেরাউদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গলহাটা গ্রামে। সাড়ে চার বছর আগে ইমিগ্র্যান্ট হিসাবে তিন ছেলে-মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। তার অপর দুই মেয়ে থাকেন বাংলাদেশে স্বামীর বাড়িতে।
এলাকায় তেরা মিয়া নামে পরিচিত থেরাউদ্দিন শান্ত, ভদ্র ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে তার গ্রামের কয়েকজন জানান।
রোববার দুপুরে জাঙ্গলহাটা গ্রামে গিয়ে দেখা যায় তার বাড়িটি তালাবন্ধ। তেরা মিয়ার পাঁচ ভাইয়ের একজন মারা গেছেন। বাকি তিনজনও পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
তার জামাতা ইমরান হোসেন শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্রে কোনো কাজ করতেন না তার শ্বশুর। নামাজ পড়তেন ও ঘরে বসেই দিন কাটাতেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ দেশে এসেছিলেন।
আল ফোরকান জামে মসজিদ। এই মসজিদেরই ইমাম ছিলেন আলাউদ্দিন আকুঞ্জি।
নিউ ইয়র্কের কুইন্সে দুই বাংলাদেশি খুন হওয়ার পর ঘটনাস্থলে পুলিশি তৎপরতা।
দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তেরা মিয়ার চাচাতো ভাই বারিক মিয়া বলেন, এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি ছিল তার। কারও সাথে কোনো শত্রুতা ছিল বলেও তিনি শোনেননি।
“আমার ভাই যুক্তরাষ্ট্রে কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন না। নিরপরাধ ভাইকে মসজিদ থেকে বের হবার পর কেন গুলি করে হত্যা করা হল, কোনোভাবেই এর কারণ খুঁজে পাচ্ছি না।”
গোলাপঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আহমদের একই প্রশ্ন: “যুক্তরাষ্ট্রের মত এমন ‘সভ্য’ দেশে এভাবে প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনা কখনও কাম্য নয়।”
এদিকে মাওলানা আলাউদ্দিনের মৃত্যুর খবরে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে চলছে আহাজারি।
২০১১ সালে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে ইমামতি করতেন আলাউদ্দিন।
তার ভাই মাওলানা নাসির উদ্দিন আকুঞ্জি জানান, মা অসুস্থ থাকায় তাকে দেখতে দেশে আসতে চেয়েছিলেন আলাউদ্দিন। এ মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা ছিল।
এভাবে তার ভাইকে কেন খুন করা হল সে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের কাছে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে তার একটি স্কেচ প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। ঘাতক হিস্প্যানিক বলে ধারণা তাদের।
পুলিশ এখনও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে না পারলেও নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিদের ধারণা, ধর্মীয় বিদ্বেষ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে ঘটনাস্থলে প্রবাসীদের বিক্ষোভ
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ধর্মীয় বিদ্বেষ থেকে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড।
“নিহত দুজনের পরনেই পায়জামা-পাঞ্জাবি আর মাথায় টুপি ছিল। এটি ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ছাড়া আর কিছু না।”
এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী বক্তব্যের দায় দেখছেন কেউ কেউ।
নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য থেকে মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ নিউ ইয়র্কের পুলিশ তা বিবেচনায় নিচ্ছে না।”
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধসহ বেশ কিছু বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন।
