নিউ ইয়র্কে দুই বাংলাদেশির খুনির স্কেচ প্রকাশ
প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিউ ইয়র্কে দুই বাংলাদেশির ঘাতকের স্কেচ প্রকাশ করেছে পুলিশ।
এ স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিয়ে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে।
শনিবার জোহরের নামাজের পর নিউ ইয়র্কের কুইন্সের ওজনপার্কের ‘আল ফোরকান জামে মসজিদ' থেকে বেরোনোর পর এর ইমামসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়।
নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি থেরাউদ্দিন (৬৪) তার প্রতিবেশী।
পুলিশ বলছে, এক ব্যক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
সিসি ক্যামেরার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কম্যুনিটি লিডার মিসবাহ আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনপার্কের লিবার্টি এভিনিউ ও ৭৯ স্ট্রিটে নীল রংয়ের শার্ট ও হাফ প্যান্ট পরা দীর্ঘকায় এক ২৭-২৮ বছরের যুবক খুব কাছে থেকে বন্দুক তাক করে পরপর পাঁচ রাউন্ড গুলি করে। তারপর সে দৌড়ে চলে যায়।
হত্যাকাণ্ডের পর একদিন পেরিয়ে গেলেও খুনি গ্রেপ্তার না হওয়ায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে উত্তর আমেরিকায় জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান জানিয়েছেন।
তিনি রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমামের লাশ তার দেশের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে পাঠানো হবে। থেরা উদ্দিনকে দাফন করা হবে নিউ ইয়র্কের মুসলিম গোরস্থানে।
সোমবার লাশ হস্তান্তর হলে জানাজার পর সেখানেই বড় ধরনের একটি শোক সমাবেশ হবে বলে জানান বদরুল।
মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি
থেরাউদ্দিন
এই হত্যাকাণ্ডকে ‘হেইট ক্রাইম তথা ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে চিহ্নিত না করায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী।
তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য থেকে মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ নিউ ইয়র্কের পুলিশ তা বিবেচনায় নিচ্ছে না।”
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধসহ বেশ কিছু বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন।
নিউ ইয়র্কের এ ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে মন্দির, মসজিদ ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় আরও মনোযোগ দেওয়ার দাবি জানিয়ে বিশ্বব্যাপী মানবাধিকার নিয়ে সোচ্চার মার্কিন আইনজীবীদের সংগঠন ‘গ্লোবাল হিউম্যানিটিজ’।
সংগঠনটির মুখপাত্র ইউএস সুপ্রিম কোর্টের এটর্নি মঈন চৌধুরী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশিদের পরিচালিত আল ফোরকান মসজিদের ইমামসহ মুসল্লিকে গুলি করে হত্যার ঘটনাকে কোনোভাবেই ‘হেইট ক্রাইম নয়’ বলে অবজ্ঞার অবকাশ থাকতে পারে না।”
ওই মসজিদের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মীয় পোশাকের কারণেই ইমাম ও মুসল্লির ওপর আক্রমণ করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। অথচ কর্তৃপক্ষ ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেও দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি নিউ ইয়র্কের পুলিশ ও মূলধারার গণমাধ্যম এটিকে ‘হেইট ক্রাইম’ হিসেবে আখ্যায়িত করতেও সীমাহীন কার্পণ্য দেখাচ্ছে।”
