আয়-ব্যয়ের হিসাব দিতে দলগুলোকে ইসির চিঠি
২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে ৪০টি নিবন্ধিত দলকে চিঠি পাঠানো হয়েছে।
ইসির সহকারী সচিব রৌশন আরা জানান, চিঠিতে ২০১৫ সালের অডিট রিপোর্ট রেজিস্টার্ড চাটার্ড একাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে ইসিতে জমা দিতে বলা হয়েছে।
দলের মহাসচিব বরাবর এ চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহরসহ নির্ধারিত ছকে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
রৌশন আরা জানান, সাম্যবাদী দল ২০১৩ ও ২০১৪ সালের হিসাব দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিকল্প ধারা বাংলাদেশ ২০১৪ সালের এবং কল্যাণ পার্টি ২০১৩ সালের হিসাব দেয়নি।
২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব ইসিতে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।
তখন নিবন্ধন পেলেও দশম সংসদের আগে ২০১৩ সালে আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ রয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে ২০০৯ সালেই বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও।
