এসপিপত্নী খুনে গ্রেপ্তার নসুর ‘মাজারকেন্দ্রিক বিরোধের শিকার’
চট্টগ্রামে এসপি পত্নী হত্যাকাণ্ডে গ্রেপ্তার আবু নসুর গুন্নুর পক্ষে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, তিনি মাজারের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের শিকার।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারী উপজেলার দরবারে মুসাবিয়া এন্তেজামিয়ার উত্তরসূরিদের এক পক্ষের সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
গ্রেপ্তার নসুর ওই মাজার কমিটির একাংশের সাধারণ সম্পাদক। বুধবার ওই মাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যামামলায় তাকে বৃহস্পতিবার কারাগারে পাঠায় আদালত।
দরবারে মুসাবিয়ার প্রতিষ্ঠাতা শায়খ মুসা আহমদুল হক ছিদ্দিকী শাহ এর দুই মেয়ের মধ্যে মাজারের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই কারণে মাজারটিতে পুলিশ মোতায়েনও রয়েছে।
গ্রেপ্তার নসুর শায়খ মুসার বড় মেয়ে শামসুন্নুর মনিরা সিদ্দিকার অনুসারী। এই পক্ষের মাজার পরিচালনা কমিটির সঙ্গে ২০১৩ সাল থেকে সম্পৃক্ত তিনি।
সংবাদ সম্মেলনে শামসুন্নুর মনিরার মেয়ে খায়রুন নুর সিদ্দিকা বলেন, “আমার খালা হামিদুন্নেসার অনুসারীরা টাকার বিনিময়ে আবু নসুর গুন্নুকে বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনায় ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে।
“নসুরকে ক্রসফায়ারে দেওয়ার জন্য পুলিশকে ৩০ লাখ টাকা দেওয়া হয় বলে শুনেছি। হাটহাজারী থানা পুলিশের কর্মকর্তারা সেদিন উপস্থিত না থাকলে হয়ত তাকে ক্রসফায়ারে দিয়ে দিত,” বলার সময় কান্নায় ভেঙে পড়েন খায়রুন নুর।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মাজারের বিরোধ এলাকার সবারই জানা।
গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “মঙ্গলবার রাতে অভিযানের সময় ডিবি (গোয়েন্দা পুলিশ) আমাকে সাথে নিয়েছিল। তবে সেটা তাদের অভিযান। আমার বিষয় না।”
আবু নসুর গুন্নু
সংবাদ সম্মেলনে খায়রুন নূর বলেন, “বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনায় আমরাও ব্যথিত। কিন্তু নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানোর যে চেষ্টা হচ্ছে, তা দুঃখজনক।”
‘নিরাপরাধ লোকদের গ্রেপ্তার ঠেকাতে’ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নসুরের গ্রেপ্তারের বর্ণনা দিয়ে খায়রুন বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে ৪০-৫০ জন পুলিশের একটি দল মাজারে যায়। পুলিশ কাউকে কিছু না বলে তার (নসুর) কক্ষেই যায়।
“এসময় তিনি (নসুর) তার কক্ষেই ছিলেন। দরজায় পুলিশ কড়া নাড়লে তিনি দরজা খুলে দেন। তারপর তাকে নিয়ে যায়।”
গত রোববার চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে এসপিপত্নী মিতু খুন হওয়ার সময় নসুর ১৫-১৬ কিলোমিটার দূরে হাটহাজারীতে মাজারেই ছিলেন বলে দাবি করেন খায়রুন।
“শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি গত এক সপ্তাহেও নসুর চট্টগ্রাম শহরে আসেনি। তার ব্যবহৃত মোবাইলটি ট্র্যাকিং করে দেখতে পারেন।”
সেদিন নসুরের অবস্থানের বিষয়ে মাজার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য পাওয়া যাবে, বলেন তিনি।
মাজারের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
গ্রেপ্তারের পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নসুর একসময় ইসলামী ছাত্রশিবিরে যুক্ত ছিলেন।
“দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে এসে নিজেকে আড়াল করতে হাটহাজারীতে একটি মাজারে রক্ষণাবেক্ষণের কাজ করতেন।”
এ বিষয়ে খায়রুন বলেন, নসুর কখনও শিবির কিংবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার বড় ভাই মুক্তিযোদ্ধা।
নসুর নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দুই বারের নির্বাচিত সদস্য বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নসুরের দুই শিশু সন্তান ছাড়া আর কেউ সংবাদ সম্মেলনে ছিলেন না। স্ত্রী পাভিন আক্তার অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে সাংবাদিকদের জানানো হয়।
নসুরের বাড়ি ওই এলাকাতেই। তিনি পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে ফেরেন বলে স্থানীয়রা জানায়।
নসুরের বিরুদ্ধে ১০ মামলা
তিন যুগের বিরোধ শেষে গত বছরের সেপ্টেম্বরে নসুরের সহায়তায় মাজারে অবস্থান নেন শামসুন্নুর মনিরা সিদ্দিকা।
এ নিয়ে হামিদুন্নেসার অনুসারী ও এলাকাবাসীর এক পক্ষের সাথে শামসুন্নুরের অনুসারীদের সংঘর্ষ হয়। এরপর থেকে মাজার এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
আবু নসুর গুন্নু
খায়রুন বলেন, হামিদুন্নেসার অনুসারীরা নসুর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দেয়।
“৪ জুন হাটহাজারী থানার পুলিশ নসুরকে এসব মামলার বিষয়ে অবহিত করে। মামলাগুলো তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়।”
নসুরের বিরুদ্ধে কী কী মামলা আছে- জানতে চাইলে খায়রুন বলেন, সীতাকুণ্ডে একটি অপহরণ মামলা এবং একটি মানহানির মামলার কথা জানি।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, মাজারের বিরোধ কেন্দ্র করে নসুরের বিরুদ্ধে অন্যপক্ষ কয়েকটি মামলা করেছিল।
নসুরের আইনজীবী এইচ এস আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসপিপত্মী হত্যা যেমন এক বিস্ময়কর ঘটনা তেমনি নসুরকে এ মামলায় জড়ানোও বিস্ময়ের ব্যাপার।
“দরবারের সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছে। সেগুলোতেও আমি আইনজীবী। বিরোধের বিষয়টি আমি জানি।”
নসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ, আগামী রোববার সেই আবেদনের শুনানি হবে।
