২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপত্নী মিতু খুনে ‘সাবেক শিবির কর্মী’ গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 12:16 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে আবু নসুর গুন্নু নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান।

তিনি বলেন, নসুরের বাড়ি হাটহাজারি উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। তার বাবার নাম মোফাজ্জল হোসেন।

“সে একসময় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। পরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে।”

গত রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে বাবুলের স্ত্রী মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

সম্প্রতি পদোন্নতি পেয়ে এসপি হিসেবে ঢাকার পুলিশ সদরদপ্তরে আসা বাবুল আক্তার গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমন অভিযানে দক্ষতার জন্য প্রশংসিত হন।

ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিলেও দুই শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রামে ছিলেন তার স্ত্রী। ওই দিন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে আক্রান্ত হন মিতু। তাকে হত্যার পর তিনজনকে মটরসাইকেলে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

সকালে সিএমপি সদরদপ্তরে পুলিশ কর্মকর্তা দেবদাস সাংবাদিকদের বলেন, “মটরসাইকেলে তিনজন থাকলেও হামলাকারীরা সংখ্যায় অনেকে ছিল। তাদের ব্যাকআপ দেওয়ারও একটি টিম ছিল।”

জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ধারণার ওপর ভিত্তি করেই তদন্ত চলছে বলে জানান তিনি।

Image
মাহমুদা আক্তার মিতু

মাহমুদা আক্তার মিতু

পাশাপাশি হত্যাকাণ্ডে শিবির সংশ্লিষ্টতার বিষয়ও সন্দেহের তালিকায় রয়েছে বলে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। কারণ হিসেবে তারা বলছেন, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মটরসাইকেলটি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেটি শিবির ‘অধ্যুষিত’।

নসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে বলে অতিরিক্ত কমিশনার দেবদাস জানান।

তিনি বলেন, “গ্রেপ্তার নসুর বেশ কয়েক বছর মধ্যপ্রাচ্যে ছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অপহরণের পর হত্যার ঘটনায় একটি মামলা রয়েছে। সিআইডি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোপত্র জমা দিয়েছে।

“নিজেকে আড়াল করতে হাটহাজারী এলাকায় একটি মাজারে রক্ষণাবেক্ষণের কাজ করত সে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা দেবদাস বলেন, “নিহত মিতুর মোবাইল ফোনে কোনো এসএমএস আসেনি। কে বা কারা এটি বলেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

“মোবাইলের সর্বশেষ লোকেশন ছিল, যেখান থেকে মটরসাইকেল উদ্ধার হয়েছে তার কাছাকাছি জায়গায়।”

মিতুর মোবাইল ফোনটি হত্যাকাণ্ডের পর থেকে পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান।  

ঘাতকদের ব্যবহৃত মটরসাইকেলের আরেক মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে  অতিরিক্ত কমিশনার দেবদাস বলেন, গত ৮ মে তার বাড়ির কাছ থেকে মটরসাইকেলটি থেকে চুরি হয় বলে তিনি জানিয়েছেন।