এসপিপত্নী হত্যা: গ্রেপ্তার নসুর কারাগারে
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’ আবু নসুর গুন্নুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার নসুরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন জানায় পুলিশ।
মহানগর হাকিম আব্দুল কাদের রোববার ওই আবেদনের শুনানির দিন ঠিক করে নসুরকে কারাগারে পাঠিয়ে দেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।
এসপি বাবুলের স্ত্রী মিতু আক্তার হত্যকাণ্ডের তিন দিন পর হাটহাজারীর ফরহাদাবাদ এলাকা থেকে নসুরকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য তখন সাংবাদিকদের বলেছিলেন, নসুর একসময় ইসলামী ছাত্রশিবিরে যুক্ত ছিলেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে তিনি নিজেকে আড়াল করতে হাটহাজারীতে একটি মাজারের রক্ষণাবেক্ষণের কাজ নেন।
সীতাকুণ্ড থানার অপহরণ ও হত্যার ঘটনায় একটি মামলায় নসুর আসামি জানিয়ে পুলিশ কর্মকর্তা দেবদাস বলেন, ওই মামলায় সিআইডি অভিযোগপত্রও জমা দিয়েছে।
চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় জঙ্গি দমন অভিযানের জন্য প্রশংসিত বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশের ধারণা। তবে এখনও খুনিদের শনাক্ত করা যায়নি, নসুর ছাড়া আর কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
বর্তমানে ঢাকায় পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত বাবুল পাঁচলাইশ থানায় যে মামলা করেছেন, তাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়েছে।
