২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ছিটমহলে ভোটার নিবন্ধন শুরু জুলাইয়ে

বিনিময়ের এক বছরের মাথায় বিলুপ্ত ১১১ ছিটমহলে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে ১০ জুলাই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 09:06 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

‘ঠিকানা বদলে’ অধিকারের স্বপ্ন ছিটমহলে
‘প্রক্রিয়ার চক্করে’ ছিটবাসীর ভোটাধিকার
ছিটবাসীরা ভোটার হবেন শিগগির: ইসি
বিলুপ্ত ছিটবাসীর ভোটার এলাকা পুনর্বিন্যাস শুরু
ছিটমহলে আসছে ‘নতুন পরিচয়’, ভোটাধিকার

বাড়ি বাড়ি গিয়ে ৩৭ হাজার ৩৫৩ জন অধিবাসীর মধ্যে আঠার বছর বয়সীদের ভোটার করা হবে। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রও পাবেন তারা।

সেপ্টেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।

দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাসিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। এর বাসিন্দারাও বাংলাদেশের নাগরিক হয়ে যান।

একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার জানান, ১১১ ছিটমহলের ৩৭ হাজার ৫৩৫ জনকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার হয়েছে। এদের মধ্যে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণের জন্যে রোজার মধ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ শেষ করা হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ জুলাই থেকে ১৬ পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। ছবি তোলা ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলবে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।

খসড়া তালিকা প্রকাশ করা হবে ১ অগাস্ট।

ভোটার তালিকা নিয়ে দাবি, আপত্তি এবং শুনানি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

গত মার্চে ইউপি ভোট চলার সময় বিলুপ্ত ছিটমহলের ভোটার তালিকা পুনঃবিন্যাস সম্পন্ন না হওয়ায় ১৫টির তফসিল বাতিল করে নির্বাচন কমিশন।

Image
ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়াকে বিজয় হিসেবে দেখছেন বামনিকুটি ছিটমহলের বাসিন্দা রোজিনা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়াকে বিজয় হিসেবে দেখছেন বামনিকুটি ছিটমহলের বাসিন্দা রোজিনা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

Image
ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়ায় উল্লসিত বামনিকুটি ছিটমহলের কৃষক সাইফুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়ায় উল্লসিত বামনিকুটি ছিটমহলের কৃষক সাইফুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ইউপিগুলো হল- পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি, কাজলদীঘি কালিয়াগঞ্জ, মারেয়া, বামোনহাট, বড়শশী; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, পাথরডুবী, শিলখুড়ি; লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাউরা এবং হাতিবান্ধা উপজেলার গোতামারী।

ইসি কর্মকর্তারা জানান, বিলুপ্ত ছিট পার্শ্ববর্তী ইউপিগুলোয় অন্তর্ভুক্ত হওয়ায় এবং নাগরিকদের ভোটার তালিকাভুক্ত শেষ হলে নির্বাচনের আর বাধা থাকবে না। ৩৭ হাজার ৩৫৩ জন নাগরিকের মধ্যে প্রায় ৬০ শতাংশ লোক ভোটার তালিকাভুক্ত হতে পারেন।

নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, রোজার পরে বিলুপ্ত ছিটমহলভুক্ত ইউনিয়নগুলোর কাজ শেষ হলে নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়নে ভোটের জন্য তফসিল দেওয়া হবে।

অক্টোবরের মধ্যে এসব ইউপিতে ভোট করা যাবে বলেও জানান তিনি।