‘প্রক্রিয়ার চক্করে’ ছিটবাসীর ভোটাধিকার
বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্যে ভারতে স্বেচ্ছা প্রত্যাবর্তনকারীরা এরই মধ্যে সেদেশের পরিচয়পত্র পেলেও ‘প্রক্রিয়ার’ ফিতায় আটকা পড়েছে বাংলাদেশিদের ভোটাধিকার।
নির্বাচন কমিশন বলছে, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ না হওয়ায় তারা এগোতে পারছে না।
বাংলাদেশের মানচিত্রে যোগ হওয়া ১১১টি ছিটের ৯৮৭ জন ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেন। সোমবার থেকে তাদের সেদেশের পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশিদের বিষয়টি এখনও উল্লেখযোগ্য অগ্রগতি পায়নি।
অগ্রগতি না আসার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নাগরিকদের ভোটার করার জন্য সংশ্লিষ্ট ভোটার এলাকা নির্ধারণ করা জরুরি। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক পুনর্বিন্যাস করার পর ইসি এলাকাটিকে সংসদীয় এলাকায় যুক্ত করবে। এরপরই স্বেচ্ছা প্রত্যাবর্তনকারীদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাশিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়।
একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।
ইসি সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এই জনপদ নিয়ে ইসির কর্মপরিকল্পনা জানতে চেয়েছে। ইতোমধ্যে ছিটমহল এলাকার নাগরিকদের ভোটার করার বিষয়ে সার্বিক পরিকল্পনাও জানানো হয়েছে।
সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত করার পর ভোটারযোগ্য নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম নেওয়া হবে বলেও জানান সিরাজুল ইসলাম।
কবে নাগাদ এ কার্যক্রম শুরু হতে পারে- জানতে চাওয়া হলে তিনি বলেন, “স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশের পর ভোটার করার প্রক্রিয়া শুরু করা যাবে।”
আর গেজেটের বিষয়ে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলুপ্ত ছিটমহল এলাকার প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই এলাকার বাসিন্দাদের উন্নয়ন সরকারের টপ প্রায়োরিটির মধ্যে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ সংক্রান্ত গেজেটও হয়ে যাবে।”
বাংলাদেশে যোগ হওয়া ছিটমহলের জনসংখ্যা প্রায় ৩৭ হাজার। অন্যদিকে ভারতের মানচিত্রে যাওয়া ছিটমহলে রয়েছে প্রায় ১৪ হাজার অধিবাসী।
২০১১ সালে দুই দেশের যৌথ উদ্যোগে শুমারিতে এই তথ্য পাওয়া যায়।
