২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটবাসী সোমবার থেকে পাচ্ছেন ভারতীয় পরিচয়পত্র

সদ্য বিলুপ্ত ছিটমহলের যে বাসিন্দারা ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন সোমবার থেকে তারা ওই দেশের পরিচয়পত্র পাচ্ছেন।

পঞ্চগড় প্রতিনিধি

কুড়িগ্রাম/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, সদ্য বিলুপ্ত ১১১ ছিটের বাসিন্দাদের মধ্যে ৯৮৭ জন ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেন। সোম ও মঙ্গলবার দুই দিন ভারতীয় কর্তৃপক্ষ তাদের হাতে ‘ট্রাভেল কাম আইডেনটিটি পাস’ তুলে দেবে।

আগামী ১ লা থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের ভারতে যেতে হবে বলেও জানান তিনি।

এ জন্য ভারতীয় কর্মকর্তা তিমীর ঘোষের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার কুড়িগ্রাম এসে পৌঁছেছে।

দলের অন্য সদস্যরা হলেন- শৌলেন্দর কিশোর, তাপস ভট্টাচার্য, দীপক দেবনাথ ও অসীম বড়ুয়া।

জেলা প্রশাসক বলেন, “সোমবার তিন সদস্যের একটি দল দাশিয়ারছড়ার অস্থায়ী পুলিশ ক্যাম্পের পাশে এবং অপর দুই সদস্যের দলটি ভুরুঙ্গামারী ইউএনও কার্যালয়ে বসে ভারতীয় পরিচয়পত্র দেওয়া শুরু করবেন।”

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক জানান, ১১১টি ছিটের মধ্যে ১৯টি ছিটমহল থেকে ৯৮৭ জন ভারতে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পঞ্চগড় জেলার ১০টি ছিটমহল, লালমনিরহাট জেলার ৭টি ও কুড়িগ্রাম জেলার ২টি ছিটের বাসিন্দা রয়েছেন।

“অপরদিকে ভারতে অবস্থিত বাংলাদেশি ৫১টি ছিটমহলের কেউ বাংলাদেশে আসতে আগ্রহ দেখাননি।”

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম জানান, সোমবার সকালে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি বলেন, “পাসপোর্ট-ভিসার প্রয়োজন নেই। শুধু ট্রাভেল পাস দিয়েই বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা ভারতে যেতে পারবেন।”