অবমাননায় দোষী দুই মন্ত্রীর ৫০০০০ টাকা অর্থদণ্ড
আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাত দিনের মধ্যে এই অর্থ ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে দিতে হবে। তা না হলে খাটতে হবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড।
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা মন্তব্যের জন্য দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ রোববার এ রায় দেয়।
রায়ের বিষয়ে কোনো কথা বলতে চাননি আদালতে উপস্থিত দুই মন্ত্রী। সরকারের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে দণ্ডিত দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।
আইনজীবীদের এক পক্ষ বলছেন, এই রায়ের কারণে দুই মন্ত্রীর মন্ত্রিত্ব না থাকার কোনো বিধান সংবিধানে নেই। অন্য পক্ষের দাবি, ‘শপথ ভঙ্গের’ কারণে তারা মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ৫ মার্চ ঢাকায় ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল বৈঠকে আলোচনায় কামরুল ও মোজাম্মেল এক সুরে প্রধান বিচারপতি এস কে সিনহার সমালোচনা করেছিলেন।
এরপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। রুলের শুনানি শেষে রোববার রায় দেওয়া হয়।
রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “আমরা উচ্চ আদালতের বিচারকরা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেছি। আমরা ইচ্ছাকৃতভাবে জনকণ্ঠের রিপোর্টে যাদের নাম আসছে সবাইকে প্রসিডিং ড্র করি নাই। একটাই কারণ আমরা প্রকৃতপক্ষে কনটেম্পট নিয়ে বাড়াবাড়ি করতে চাইনি। এটা হলে আমরা বিচার প্রশাসন পরিচালনা করতে পারব না।
“আমরা শুধু দুইজন মন্ত্রীর প্রতি কনটেম্পট প্রসিডিং ড্র করেছি। সারা জাতিকে একটি মেসেজ দেওয়া, বিচার প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া…যে কেউ যদি এর পুনরাবৃত্তি করে, আমরা কত কঠোর হতে পারি।”
দুই মন্ত্রী ক্ষমা চেয়ে আদালতে আবেদন করার পর গত ২০ মার্চ শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, দুই মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। তারা সর্বোচ্চ আদালতের অবমাননা করেছেন।
সংবিধান রক্ষার শপথ নিয়ে তা ভঙ্গের পরিণাম কী হওয়া উচিৎ- তাও তিনি জানতে চেয়েছিলেন দুই মন্ত্রীর আইনজীবীদের কাছে।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আদালতের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন করা উচিৎ নয়, এ বিষয়টি যাতে দুই মন্ত্রীর সাজার মধ্য দিয়ে দেশের মানুষ বুঝতে পারে- সেই বার্তাই আপিল বিভাগ দিতে চেয়েছে।”
বাংলাদেশে আদালত অবমাননার দায়ে কোনো মন্ত্রীর সাজা এই প্রথম নয় জানিয়ে তিনি বলেন, এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী হাবিবুল্লাহ খানের এই ধরনের সাজা হয়েছিল।
আদালতের রায়
শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহা সংক্ষিপ্ত আদেশ করেন।
“দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চেয়ে করা আবেদন গ্রহণ করতে আমরা অপারগ। তারা মন্ত্রী সাংবিধানিক পদে অধিষ্ঠিত, তারা সংবিধান রক্ষায় শপথবদ্ধ। তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আপাতদৃষ্টিতে উদ্দেশ্যমূলক, যেখানে প্রধান বিচারপতির কার্যালয় ও সর্বোচ্চ আদালতের মর্যাদা খাটো করা হয়েছে। ওই মন্তব্য বিচার প্রশাসনের ওপর হস্তক্ষেপ। নিঃশর্ত ক্ষমা চেয়ে তাদের আবেদন আমরা প্রত্যাখ্যান করছি। গুরুতর আদালত অবমাননার দায়ে তারা দোষী। তবে শুরুতেই তারা নিঃশর্ত ক্ষমার আবেদন করেছে বলে সাজা দেওয়ায় নমনীয় দৃষ্টি দেখানো হচ্ছে। অবমাননাকারীদের দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। সাত দিনের মধ্যে ইসলামিয়া আই হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন বাংলাদেশে দিতে বলা হল।”
দুই মন্ত্রীর হাজিরা ও শুনানি
সকাল পৌনে ৯টায় আদালত কক্ষে হাজির হন দুই মন্ত্রী কামরুল ও মোজাম্মেল।
তাদের দুই মন্ত্রীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল হক ও আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন, এস এম আবুল হোসেন ও সৈয়দ মামুন মাহবুব।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজউদ্দিন ফকির।
সকাল ৯টা ২৮ মিনিটে সহকর্মীদের নিয়ে এজলাসে আসেন প্রধান বিচারপতি। অন্যরা হলেন-বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক।
বিচারকদের আসন গ্রহণের পর সাড়ে ৯টায় শুনানি শুরু হয়। ক্রম অনুসারে বিষয়টি ডাকা হলে এজলাসে রাখা ডায়াসে দাঁড়িয়ে যান দুই মন্ত্রীর আইনজীবী, পেছনে দাঁড়ান দুই মন্ত্রী। তাদেরকে বসতে বলে আদালত।
শুরুতে খাদ্যমন্ত্রীর পক্ষে আবদুল বাসেত মজুমদার বলেন, নিঃশর্ত ক্ষমা চেয়ে নতুন করে আবেদন দেওয়া হয়েছে।
কবে এ আবেদন করা হয়েছে- প্রধান বিচারপতির জিজ্ঞাসার জবাবে বাসেত মজুমদার বলেন, “আজ (রোববার)।”
প্রধান বিচারপতি আবেদন পড়তে বললে তিনি আবেদন তুলে ধরে বলেন, “ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে এ ধরনের আদালত অবমাননাকর কোনো ধরনের মন্তব্য করবে না, অঙ্গীকার করছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি দায় থেকে অব্যাহতি চাচ্ছি।”
এক পর্যায়ে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখেছেন?”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি দেখেননি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তখন অ্যাটর্নি জেনারেলের কাছে প্রতিবেদনের পেপার কাটিং দেওয়া হয় এবং ৬ মার্চ প্রকাশিত প্রতিবেদনটি পড়তে বলা হলে মাহবুবে আলম তা পাঠ করেন।
প্রতিবেদন উপস্থাপন শেষে খাদ্যমন্ত্রীর আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, “আপনারা জানেন, স্বদেশ রায় (জনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক) একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। …তারা তো ডিসপুউটেড (বিতর্কিত) পারসন, তাদের সঙ্গে কীভাবে সভা করতে গেলেন মন্ত্রীরা?”
প্রধান বিচারপতি বলেন, “আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। বারবার কেন প্রসিকিউটরদের বিষয়ে রায়ে বলা হচ্ছে, সেটা ভাবতে হবে। স্বাধীনতার পর যে কজন অ্যাটর্নি জেনারেল হয়েছেন তাদের মধ্যে তিনজন সততা ও মর্যাদা নিয়ে কাজ করেছেন। আমিনুল হক ও মাহমুদুল ইসলাম…। অথচ তাকে (মাহবুবে আলম) পর্যন্ত কালিমা লেপন করল!
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদার এসময় বলেন, “জনকণ্ঠ পত্রিকা পড়িনি, আমি অত্যন্ত দুঃখিত।” মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, মক্কেল নিঃশর্ত ক্ষমা চাইছে।
এ পর্যায়ে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, “অনেকে জানেন না, কী বক্তব্য আছে? এজন্য আমরা প্রতিবেদনটি পড়তে বলেছি, কারণে যে তারা (দুই মন্ত্রী) যা বলেছেন তা সবার জানা দরকার।”
এরপর প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “রায় তো চূড়ান্ত পর্যায়ে। টাকা কোন দিকে ফেলা হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, এটি রায়ে দিয়ে দেব।”
তিনি আরও বলেন, “আজ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত মর্যাদা বজায় রেখেছে। যত ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেন, হাউজিং কোম্পানি আর বুড়িগঙ্গা দখল ইত্যাদি মামলায় হাই কোর্ট যে রায়ই দিক না কেন, আজ পর্যন্ত এই আদালত (আপিল বিভাগ) মাথা নত করেনি।”
সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধান বিচারপতি বলেন, “আমরা ১০ মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি, এরপর আদেশ দেব।”
বিরতির পর ১০টা ২০ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা, এরপর সংক্ষিপ্ত আদেশ ঘোষণা শুরু করেন প্রধান বিচারপতি।
এ সময় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বাসেত মজুমদার বলেন, “আমরা নিঃশর্ত ক্ষমা চেয়েছি। দোষি সাব্যস্ত হলে ক্ষমার আবেদন প্রত্যাহার করে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”
তখন প্রধান বিচারপতি বলেন, “তাহলে বসুন, আমরা পাঁচ মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি। এরপর এসে আদেশ দেব।”
তখন বাসেত মজুমদার দুঃখ প্রকাশ করে তার এই বক্তব্য প্রত্যাহার করে নিলে আদেশ দিয়ে এজলাস ছেড়ে যান আট বিচারপতি।
মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন
দুই মন্ত্রীর শাস্তির পর তাদের পদে থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে আইনজীবীদের কাছ থেকে।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে, সংবিধান অনুযায়ী তাদের মন্ত্রিত্ব থাকবে না এমন কথা নেই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের ৫৮ ও ৬৬ অনুচ্ছেদে মন্ত্রী ও সংসদ সদস্যপদ কীভাবে যাবে, তা বলা আছে। আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীর যে সাজা হয়েছে, তা সংবিধানের এ দুটি অনুচ্ছেদকে আঘাত করে না।”
সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো মন্ত্রীকে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলতে পারেন।
৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়ে উল্লেখ রয়েছে৷
৬৬ (২) ঘ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, তিনি যদি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।
কামরুল ও মোজাম্মেলের মন্ত্রিত্ব থাকবে কি না- জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “সংবিধানে এ ব্যাপারে বিস্তারিত আছে বলে মনে হয় না। তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।”
আইনের ব্যাখ্যার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, “আপিল বিভাগ আজকে তাদেরকে (দুই মন্ত্রীকে) শপথ ভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত করেছে। শপথ সংবিধানের একটি অঙ্গ, সেটা ভঙ্গ করলে সংবিধানকে ভঙ্গ করা হয়ে।
“সেই কারণে আমি মনে করি, তারা নিজেদের নৈতিকতার কারণে অবিলম্বে পদত্যাগ করবেন। আর যদি না করেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের মান-ইজ্জত এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং খাদ্যমন্ত্রীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুই মন্ত্রীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মতিয়া চৌধুরী তা এড়িয়ে যান।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনের শাসনে কোন মন্ত্রীরে আমাদের প্রধানমন্ত্রী কি কখনও ডিফেন্ড করছেন? করেননি।
“কোর্ট সম্পর্কে আগ বাড়িয়ে কোনো কথা ঠিক না। আমি কোনোদিনও বলিনি, আজও বলতে চাই না।”
গোল টেবিল থেকে সর্বোচ্চ আদালত
গত ৫ মার্চ ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল আলোচনায় কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল মামলার শুনানিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশের মধ্য দিয়ে ‘রায়েরই ইঙ্গিত’ মিলছে।
রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে পুনঃশুনানির দাবি তোলেন সরকারের এই মন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এর তিন দিনের মাথায় আপিল বিভাগ জামায়াত নেতা মীর কাসেমের আপিলের যে রায় দেয়, তাতেও মৃত্যুদণ্ড বহাল থাকে।
ওই রায় ঘোষণার আগে পুরো আপিল বিভাগকে নিয়ে বসে প্রধান বিচারপতি এস কে সিনহা দুই মন্ত্রীকে তলবের আদেশ দেন।
দুই মন্ত্রীর দেওয়া যে বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে তা বিচার প্রশাসনের ওপর হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টের সম্মান ও মর্যাদাকে হেয় করার শামিল বিবেচনা করে আদালত অবমাননার রুল জারি হয় তাদের বিরুদ্ধে।
দুই মন্ত্রীর ওই বক্তব্য সে সময় তুমুল আলোচনার জন্ম দেয়। মীর কাসেমের আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপি নেতারা মন্ত্রীদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যায়িত করে বলেন, এটা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ।
এ ধরনের মন্তব্য এড়ানোর পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিতর্কিত বক্তব্যে যুদ্ধাপরাধের বিচারই প্রশ্নবিদ্ধ হবে।
আইনমন্ত্রী আনিসুল হক ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কারও মন্তব্য করা উচিৎ নয়।
রায়ের আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে কথা বলেন। দুই মন্ত্রীর ওই বক্তব্য যে সরকারের ভাষ্য নয়, তা তিনি স্পষ্ট জানিয়ে দেন বলে গণমাধ্যমের খবর।
এ সম্পর্কিত খবর-
