২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: ২৭ মার্চ ফের হাজিরা দুই মন্ত্রীর

মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ব্যাখ্যা দিয়েছেন, তা যথাযথ না হওয়ায় তাকে আবার ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:10 AM

Updated : 11 Oct 2022, 07:58 PM

পুরনো খবর:

অবমাননা: আদালতে দুই মন্ত্রী
অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক, নির্বাহী সম্পাদকের সাজা

কামরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আগামী ২৭ মার্চ ফের রুলের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ রোববার এই দিন ঠিক করে দেয়।

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী খাদ্যমন্ত্রী কামরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল রোববার সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে রুলের জবাব দাখিল করেন।

অবশ্য তারা আগেই আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়ে রেখেছেন।  

আদালতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও খাদ্যমন্ত্রীর পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার শুনানিতে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন ও সৈয়দ মামুন মাহবুব। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এ সময় উপস্থিত ছিলেন।   

হাজিরা ও শুনানি

বিচারপতিদের আসন গ্রহণের পর সোয়া ৯টার দিকে শুনানি শুরু হয়। এর আগে পৌনে ৯টায় খাদ্যমন্ত্রী ও ৮টা ৫০ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালত কক্ষে হাজির হন। 

বিচারকদের আসনগ্রহণের পর ক্রম অনুসারে বিষয়টি ডাকা হলে দুই মন্ত্রী আদালত কক্ষে দাঁড়িয়ে যান; সামনে ডায়াসে পাশাপাশি দাঁড়ান দুই জনের আইনজীবী।

মন্ত্রী মোজাম্মেল হকের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক বসার অনুমতি চাইলে, আদালত বসার অনুমতি দেয়। পরে বাসেত মজমদার বলেন, কামরুল ইসলাম উপস্থিত হয়েছেন।

প্রধান বিচারপতি এক পর্যায়ে দাখিল করা জবাবের মূল অংশ পড়ে শোনাতে বলেন আইনজীবী বাসেত মজুমদারকে। কিছুক্ষণ পর কামরুল ইসলামকে বসতে বলে আদালত।

দাখিল করা জবাবের অংশবিশেষ তুলে ধরে বাসেত মজুমদার বলেন, “ওই বক্তব্যের জন্য নিঃশর্ত প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরনের কোনো মন্তব্য করব না বলে অঙ্গীকার করছি। প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও সব বিচারপতির প্রতি সম্মান আছে। ওই ভুলের জন্য অনুকম্পা চাইছি।”

শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “এই আদালত সংবিধানের অঙ্গ, সরকারের নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনার মন্ত্রী মহোদয়  শুধু দেশের প্রধান বিচারপতি নন, সারা বিচার বিভাগকে ছোট করেছেন। প্রধান বিচারপতিকে এক হাজার কোটি টাকা দিয়ে যদি কেনাও যায়, অন্য চার বিচারপতিকে কেনা সম্ভব নয়। কারণ প্রধান বিচারপতি একা কোনো রায় দেন না।”

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, প্রধান বিচারপতি চাইলেও তার পক্ষে একা রায় দেওয়া সম্ভব না।  

প্রধান বিচারপতি এরপর প্রশ্ন রাখেন, “আপনারা কাসেমের রায় পড়েছেন, জনকণ্ঠের রায় পড়েছেন? …প্রধান বিচারপতি যদি আদালত অবমাননার মামলা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে লাখ লাখ মামলার কী হবে?”

পরে কামরুলের আইনজীবীকে উদ্দেশ্যে  করে প্রধান বিচারপতি বলেন, “আপনার ব্যাখ্যা হয়নি। রিজেক্ট করছি,.. পড়ালেখা করে আসেন।”

ব্যারিস্টার রফিক-উল হককে উদ্দেশ্য করে আদালত বলেন, “আপনি জনকণ্ঠের রায় পড়েছেন, সর্বোচ্চ আদালতের রায় মানায় বাধ্যবাধকতা আছে কি-না ?”

প্রধান বিচারপতি বলেন, বিচার প্রশাসনে হস্তক্ষেপ, কুৎসা রটানো ফৌজদারি আদালতের অবমাননা। জনকণ্ঠের মামলার রায়ে বলা হয়েছে, ডাকাতি মামলার অপরাধ যেমন ফৌজদারি অপরাধ, এ ধরনের অবমাননাও ফৌজদারি অপরাধ।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়া একজন এবং সাধারণ একজন নাগরিকের অপরাধের গুরুত্ব এক কি না- আইনজীবীদের কাছে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপিত।

এক পর্যায়ে ব্যারিস্টার রফিক উল হল বলেন, “ক্ষমা চেয়েছি।”

বাসেত মজুমদার বলেন, “মার্সি যখন চাই তখন কার্যক্রম…। আমরা ক্ষমা চেয়েছি।”

এ সময় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, “আমাদের প্রথা- ক্ষমা দুই লাইনে চাইতে হয়।... বিশাল ব্যাখ্যা দিয়েছেন।”

আইনজীবী আবদুল বাসেত মজুমদার এরপর যথাযথভাবে জবাব দেওয়ার জন্য সময় চাইলে আদালত ২৭ মার্চ তারিখ রাখে।

গত ৫ মার্চ ঢাকায় এক গোলটেবিল আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের আপিলের পুনঃশুনানির দাবি তোলেন কামরুল।

তিনি বলেন, আপিলের শুনানিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশের মধ্য দিয়ে ‘রায়েরই ইঙ্গিত’ মিলছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান বলে গণমাধ্যমের খবর।

তাদের ওই বক্তব্য সে সময় তুমুল আলোচনার জন্ম দেয়। মীর কাসেমের আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপি নেতারা মন্ত্রীদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যায়িত করে বলেন, এটা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ।

এ ধরনের মন্তব্য এড়ানোর পাশাপাশি সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিতর্কিত বক্তব্যে যুদ্ধাপরাধের বিচারই প্রশ্নবিদ্ধ হবে।

আইনমন্ত্রী আনিসুল হক ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কারও মন্তব্য করা উচিৎ নয়।

রায়ের আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে কথা বলেন। দুই মন্ত্রীর ওই বক্তব্য যে সরকারের ভাষ্য নয়, তা তিনি স্পষ্ট জানিয়ে দেন বলে গণমাধ্যমের খবর।

এরপর ৮ মার্চ মীর কাসেমের চূড়ান্ত রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা আপিল বিভাগের সব বিচারককে নিয়ে বসে দুই মন্ত্রীকে তলবের আদেশ দেন।

দুই মন্ত্রীর দেওয়া যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে তা বিচার প্রশাসনের ওপর হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টের সম্মান ও মর্যাদাকে হেয় করার শামিল বিবেচনা করে কারণ দর্শাও নোটিস দেওয়া হয় তাদের।

ওই বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম কেন শুরু করা হবে না- তা ১৪ মার্চের মধ্যে জানাতে বলা হয় নোটিসে। সেই সঙ্গে দুই মন্ত্রীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

আর মীর কাসেমের আপিল মামলার রায়ে ট্রাইব্যুনালের দেওয়ার সর্বোচ্চ সাজার আদেশই আপিল বিভাগ বহাল রাখে।

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ১৫ মার্চ সকালে আদালতে হাজির হন। অন্যদিকে বিদেশ সফরে থাকা খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আইনজীবী সময়ের আবেদন করেন। এরপর আপিল বিভাগ দুই মন্ত্রীর হাজিরার জন্য ২০ মার্চ নতুন তারিখ ঠিক করে দেয়।

এ সম্পর্কিত খবর-

নিঃশর্ত ক্ষমা চান মন্ত্রী কামরুল  

প্রমাণ হল বিচার বিভাগ স্বাধীন: তলবের প্রতিক্রিয়ায় মোজাম্মেল

রায়ে ‘স্বস্তি’ কামরুলের, ব্যাখ্যা দিতে সময় চাইবেন

যারা ভাব নিচ্ছেন তারা ভ্রান্ত: অ্যাটর্নি জেনারেল

মীর কাসেমের বিচার: অবমাননার অভিযোগে দুই মন্ত্রীকে তলব

মীর কাসেমের বিচার: অবমাননার অভিযোগে দুই মন্ত্রীকে তলব

যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসি আপিলেও বহাল