২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রীর বিষয়টি নৈতিকতার: অ্যাটর্নি জেনারেল

আদালত অবমাননার দায়ে দণ্ডিত হওয়ার পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক আর মন্ত্রিসভায় থাকতে পারেন কি না- সেই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 01:45 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে বিষয়টা ‘নৈতিকতার’।   

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের রায় সামনে রেখে গত ৫ মার্চ এক আলোচনা সভায় রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে পুনঃশুনানির দাবি তোলেন মন্ত্রী কামরুল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দেন।

আপিল বিভাগ ওই বক্তব্যের জন্য আদালত অবমাননার রুল দিলে দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমার আবেদন করেন। সেই আবেদন নাকচ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়। 

জনকণ্ঠের আদালত অবমাননা মামলার সূত্র ধরে এই রুলের ওপর ‍শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচার প্রশাসনে হস্তক্ষেপ, কুৎসা রটানো ফৌজদারি আদালত অবমাননা। ডাকাতি মামলার অপরাধ যেমন ফোজদারি অপরাধ এটিও ফৌজদারি অপরাধ।

সংবিধান রক্ষার শপথ নিয়ে তা ভঙ্গের পরিণাম কি হওয়া উচিৎ- তাও তিনি দুই মন্ত্রীর আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলেন।

খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালত দোষী সাব্যস্ত করার পর তাদের পদ থাকতে কোনো আইনি জটিলতা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “এটি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। সংবিধানে এ ব্যাপারে বিস্তারিত আছে বলে মনে হয় না।

“তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।”

এর আগে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী হাবিবুল্লাহ খান আদালত অবমাননার দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অ্যাটর্নি জেনারেল জানান।

গত ৫ মার্চ ওই গোলটেবিল বৈঠকে অনেকে এ বিষয়ে কথা বললেও  তাদের মধ্যে কেবল দুই মন্ত্রীকে বিচারের মুখোমুখি করার কারণ ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল বলেন,  “দুইজন মন্ত্রী যেহেতু শপথ নিয়েছেন, সংবিধান ও আইনের শাসন রক্ষা করবেন। সেজন্য যেহেতু তাদের সাংবিধানিক দায়-দায়িত্ব আছে, বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য, সেজন্য এই দুজনের ওপরে রুল ইস্যু করা হয়েছিল।

“আজকে দুই জনের ব্যাপারে আদেশ দেওয়া হল। আদালত উল্লেখ করেছেন, অন্ততপক্ষে এই আদেশের প্রেক্ষিতে সারা দেশবাসী বুঝতে পারবে, আদালতের মর্যাদা ক্ষুণ্ন করা কোনো নাগরিকের পক্ষেই উচিত না। এই হল ম্যাসেজ। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিয়োজিত দুজন মাননীয় মন্ত্রী তাদের আদালত কোনো রকম ছাড় দেয়নি, অন্যান্য নাগরিক যারা আছেন, তাদের পক্ষে এটি বুঝে নেওয়া সম্ভব হবে আদালত অবমাননার ফল কী হবে।”

দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও তা নামঞ্জুর হয়েছে জানিয়ে মাহবুবে আলম  বলেন, “আদালত সংক্ষিপ্ত আদেশে বলেছেন, অপরাধের গুরুত্ব এতোটা বেশি যে, ক্ষমা প্রার্থনা করে তারা যে দরখাস্ত দিয়েছেন, তা গ্রহণ করা হয়নি। তাদেরকে দোষী সাব্যস্ত করে দুইজন মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।”

জরিমানার অর্থ আগামী সাত দিনের মধ্যে ইসলামীয়া চক্ষু হাসপাতালে ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে জমা না দিলে তাদের এক সপ্তাহের  বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।

সাত দিন গণনা কখন শুরু হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “আগামীকাল (সোমবার) একদিন হবে। তার পরদিন দুইদিন হবে, এভাবে সাতদিন।

“তারা আদালতে উপস্থিত ছিলেন, আইনজীবীরা ছিলেন। সুতরাং আজকে থেকে দিনটা গণনা করতে হবে।”