২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: শেষে এসে ‘তৎপর’ ইসি

চারদিন পরই প্রথম ধাপের ৭৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। এর সব ধরনের প্রস্তুতি গুছিয়েও এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 11:11 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

নির্বাচন স্থগিত: চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলা
ইউপি ভোট: অভিযোগ আছে, নেই তদারকি
অগোছালো তফসিলে শুরু ইউপি ভোটের আয়োজন
ঝিনাইদহের এমপি আনারকে এলাকা ছাড়ার নির্দেশ
ইউপি ভোট: নালিশ নিয়ে ইসিতে বিএনপি
আলোচনায় সেই নির্বাচন কর্মকর্তারা
‘উড়ো খবরে’ ব্যবস্থা নেওয়া যায় না: শাহনেওয়াজ
ইউপিতে ভোটের আগে আরও ৩১ জন নির্বাচিত
সন্ত্রাসী ধরতে অভিযানের সুপারিশ, তালিকায় শীর্ষে বিএনপি

শুক্রবার থেকে ব্যালট পেপার যাচ্ছে নির্বাচনী এলাকায়। রোববার থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী। ১০১ নির্বাচনী উপজেলায় নির্বাহী এবং বিচারিক হাকিমও থাকবে তদারকিতে।

২২ মার্চের এ ভোট সামনে রেখে অন্তত দুই ডজন ইউপিতে সংঘর্ষ-গোলযোগ হয়েছে; প্রাণ গেছে পাঁচজনের।

তফসিল ঘোষণার পর অনিয়ম-অভিযোগের বিষয়ে প্রায় এক মাস ‘গা ছাড়া ভাব’ থাকলেও শেষ মুহূর্তে মাঠ কর্মকর্তাদের ‘তৎপর হতে’ নির্দেশ দিয়েছে ইসি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি ‘ভিজিলেন্স’ ও ‘অবজারভেশন’ টিমের কার্যক্রম বাড়ানোর, নির্বাহী হাকিমদের তদারকি দৃশ্যমান করার, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর এবং বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর, লিখিত অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি কী ব্যবস্থা নেওয়া হয়েছে- তা কমিশনকে জানাতে ইতোমধ্যে অন্তত ৪০ জন জেলা প্রশাসক-পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

ইসির এ সংক্রান্ত সিদ্ধান্তগুলোর আলাদা আলাদা চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোট সামনে রেখে সব ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখকে ডিসি-এসপি-রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা ও একজনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এক উপজেলা চেয়ারম্যান বরখাস্ত, দুইজন ওসি প্রত্যাহার, একজন ইউএনও পরিবর্তন, দুইজন নির্বাচন কর্মকর্তা বদলি ও দুই উপজেলার নয়টি ইউপির ভোট বন্ধ রাখা হয়েছে।

“এরপরও অভিযোগ আসছে, সত্যতা খতিয়ে দেখে ও তদন্ত করে সিদ্ধান্ত দিচ্ছে কমিশন। ভোটের আর কয়েকদিন রয়েছে। আমরা সব প্রস্তুতি গুছিয়ে আনার কাজ করে যাচ্ছি,” বলেন এ কর্মকর্তা।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসির মেয়াদের শেষ বছরে হচ্ছে ইউপি ভোট। তাদের অধীনের আগের নির্বাচনগুলোর সমালোচনা করে আসছে বিএনপি ও তাদের শরিকরা।

এ অবস্থায় কেন্দ্র দখল, জালভোট ও কারচুপির শঙ্কার মধ্যে অনিয়ম রোধে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

অনিয়ম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে ৩ মার্চ কাজী রকিব বলেছিলেন, শেষ বুলেট পর্যন্ত অনিয়ম প্রতিহত করতে হবে।

এরপরও নির্বাচন কমিশনার জাবেদ আলী আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদরদপ্তরে গিয়ে বৈঠক করেছেন।

তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচন এবার প্রথমবার দলীয়ভাবে হওয়ায় বিদ্রোহী প্রার্থী থাকায় গোলযোগের শঙ্কার কথা ইসিকে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভোটের আগে গ্রেপ্তার অভিযান জোরদারের পরামর্শও আসে ৩ মার্চ আইন-শৃঙ্খলা সমন্বয় সভায়।

মাঠ পর্যায়ের আচরণবিধি তদারকিতে থাকা একটি কমিটির প্রধান ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব শাহেদুন্নবী চৌধুরী বলেন, “গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হচ্ছে। তারা কী পদক্ষেপ নিচ্ছে- তা ইসিকে অবহিত করতেও বলা হচ্ছে মাঠ কর্মকর্তাদের।”

ইসি কর্মকর্তারা জানান, ভোট সামনে রেখে বরিশাল অঞ্চলে গোলযোগ হয়েছে বেশি। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় সহিংসতা হয়েছে। বগুড়া, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ভোলা, খুলনা, ঝালকাঠি, নোয়াখালী, কুষ্টিয়া, শেরপুর, সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ-হামলা হয়েছে।

বিধি লঙ্ঘন তদারকি কমিটির সদস্য জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম শুক্রবার বলেন, এ পর্যন্ত অনিয়ম নিয়ে অন্তত ৪০ জন ডিসি-এসপিকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে ইসির নির্দেশনা রয়েছে “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিমের মাধ্যমে সত্যতা ও যথার্থতা যাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে কমিশনে জানাতে হবে।”

তবে এসব বিষয়ে শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- তা নিয়ে সংশয় আছে ইসি কর্মকর্তাদেরও।

উপ সচিব সামসুল আলম পুলিশ সুপারদের উদ্দেশে চিঠিতে বলেছেন, বিধি লঙ্ঘন করে মিছিল-শোডাউন, পোস্টার-তোরণ অপসারণ করাসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং মামলা করার নির্দেশ দিয়েছে ইসি। চিঠিতে নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলও বাড়াতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাহী হাকিমদের তদারকি বাড়িয়ে দৃশ্যমান অগ্রগতি দেখানোর জন্য জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন এ কর্মকর্তা।

আরেকটি চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদেরকে ‘ভিজিলেন্স’ ও ‘অবজারভেশন’ টিমের কার্যক্রম বাড়িয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলার পর প্রার্থী ও ভাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ইসি।

সদর উপজেলার নলটোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভাই হেলিকপ্টারযোগে প্রচার চালিয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী হুমায়ুন কবির ও তার ভাই মিলন হাওলাদারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে। বরগুনা এসপিকে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে ইসিকে জানাতে বলা হয়েছে।

কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে অনেক এলাকায় বেশ আচরণবিধি লঙ্ঘনের সংবাদ গণমাধ্যমে এলেও মাঠ পর্যায়ে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ রয়েছে ইসি। জেলা প্রশাসন ও পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না রাখলে ইসির করার কিছু থাকে না। এক্ষেত্রে প্রকৃত চিত্র পায় না কমিশন।

শেষ মুহূর্তে এসে বিষয়টিতে নজর বাড়িয়েছে ইসি।

এর আগে অভিযোগ সুনির্দিষ্ট না হলে করার কিছু নেই বলে মন্তব্যও করেন সিইসি কাজী রকিব।

গত ডিসেম্বর পৌর নির্বাচনের সময় ১৪ পুলিশ সুপারকে চিঠি দিয়েও তাদের কাছ থেকে অনিয়ম-অভিযোগের বিষয়ে প্রতিবেদন পায়নি। আড়াই মাস পর তাদের কাছে ফের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে ইসি।

এ অবস্থায় ইউপি নির্বাচনকে সামনে রেখে রোববার মাঠে নামবে আইন শৃঙ্খলাবাহিনী। বিজিবি-র‌্যাব-পুলিশ-আনসার-কোস্টগার্ড-এপিবিএন থাকবে নির্বাচনী এলাকায়। এসময় হাকিম থাকবেন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে।