‘উড়ো খবরে’ ব্যবস্থা নেওয়া যায় না: শাহনেওয়াজ
মনোনয়নপত্র জমায় বাধা দেওয়ার অভিযোগকে ‘উড়ো খবর’ আখ্যায়িত করে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায় না।
সোমবার শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের শতাধিক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।
পাশাপাশি দলটি ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছে।
“আমরা যেখানে যুক্তিগ্রাহ্য অভিযোগ পেয়েছি ব্যবস্থাও নিয়েছি। ফেনীর ফুলগাজীতে ভোট বন্ধ করা হয়েছে, পরশুরামে মনোনয়ন জমার সময় একদিন বাড়ানো হয়েছে। এরপরও কারও কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভয় দেখানোর বিষয়ে উপযুক্ত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া সম্ভব। কেউ যদি ঘরে বসে থাকে; তাকে ঘর থেকে টেনে এনে তো নির্বাচন করাতে পারবো না।”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে আইনগতভাবে বাধা না থাকলেও বেআইনি কার্যক্রমের বিষয়ে ইসি কঠোর থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে শাহনেওয়াজ বলেন, “কোথাও অনিয়ম হলো কিনা- আমরা সেটি দেখব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে, এটা আমাদের দেখার বিষয় না।
“আইনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। প্রত্যেক নির্বাচনেই আমরা শক্ত অবস্থানে থাকি। নির্বাচন কর্মকর্তাদেরও শক্ত অবস্থানে থাকতে বলা হয়। এ নির্বাচনেও শক্ত অবস্থানে থাকব।”
প্রথমবারের মতো ইউপিতে দলীয়ভাবে ভোট হবে এবার।
২২ মার্চ প্রথম ধাপে ৭৩২ ইউপিতে ভোট হবে। আরও ৫ ধাপে ভোটের কথা রয়েছে।
