২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: ১১৯টিতে নেই বিএনপির প্রার্থী

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় নির্বাচনে প্রথম ধাপের ভোটে ৭৩২টির মধ্যে ১১৯টিতে বিএনপির প্রার্থী নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

বাছাইয়ের পর মোট ৬১৩ ইউনিয়ন পরিষদে শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।  

“৭৩২টির মধ্যে ৬২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে ৫৭ ইউপিতে নেই বিএনপির প্রার্থী, আওয়ামী লীগের নেই একটিতে।”

একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় মোট ৬১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা ও ধানের শীষ প্রতীক দেওয়ার কথা জানান এ কমিশনার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীনদলের ‘রেকর্ড সংখ্যক’ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে জাবেদ আলী বলেন, “আমরা আইনগতভাবে কাজ করছি। যে জায়গায় প্রভাব খাটানো ও বাধা দেওয়ার ঘটনা হয়েছে তা বন্ধ করে দিয়েছি। যে ৬২ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সেখানে তো কোনো অভিযোগ ছিল না।

“সুনির্দিষ্ট অভিযোগ না দিলে করার কিছুই থাকে না; এক্ষেত্রে বেশি সংখ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে।”

প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২৪৬ জন।

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টির ১২৭ জন, জাসদের ২৯, বিকল্পধারা বাংলাদেশের ৪, ওয়ার্কার্স পার্টির ২৩, জেপির ১৭, বিএনএফের ৭, সিপিবির ৪, তরিকত ফেডারেশনের ১, জমিয়তে উলামায়ে ইসলামের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২৭, ন্যাপের ৩ ও অন্যান্য দলের ১ জন প্রার্থীর মনোনয়ন বহাল আছে।

৬২টি ইউপিতে সর্বনিম্ন প্রার্থী থাকার পাশাপাশি এক ইউনিয়নে সর্বোচ্চ ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৬২টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন, সেগুলো হলো- খুলনার তেরখাদা, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বর্নি, কুশলী ও পাটগাতি, ঝালকাঠির নলছিটির কুলকাঠি, মোল্লারহাট, নাচনমইল ও সিদ্ধকাঠি, বাগেরহাটের মংলার সোনাইলতলা, রামপালের মালিকেরবেড় ও পেড়িখালী, চিতলমারীর চরবানিয়ারি, বড়বাড়ীয়া, চিতলমারী, হিজলা, সন্তোষপুর, কলাতলা ও শিবপুর, ফকিরহাটের ফকিরহাট ও মুলঘর, মোল্লাহাটের আটজুরী, চুনখোলা, গাওলা, কো​দালিয়া, কুলীয়া ও উদয়পুর, বাগেরহাট সদরের বারইপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি, কচুয়া উপজেলার বাধাল, কচুয়া, ধোপাখালী ও গজালিয়া, মোরেলগঞ্জের চিংড়াখালী, পঞ্চকরণ, তেলিখালী, পাহাড়িয়া কান্দি ও ছয়ফুল্লাকান্দি, বরগুনা সদরের বুড়িরচর, বরিশালের বানারিপাড়ার উদয়কাঠি, ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ও চর খলিফা, মাদারীপুরের শিবচরের বন্দরখোলা, উত্তর বহেরাতলা, দক্ষিণ বহেরাতলা, ভান্ডারিকান্দি, দত্তপাড়া, কাদিরপুর, কাঠালবাড়ী, কুতুবপুর, মাদবরের চর, নিলখী, পাঁচর ও শিরুয়াইল, মুন্সিগঞ্জের সিরাজদী খানের জৈনসার এবং সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া।

এর বাইরে যে ৫৭টি ইউপিতে ধানের শীষের প্রার্থী নেই, সেগুলো হলো- কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী, কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ, কুমিল্লার দেবীদ্বারের বড়শালঘর ও বরকামতা, খুলনার বটিয়াঘাটার সুরখালী, পাইকগাছার গদাইপুর ও লস্কর, দাকোপের লাউডোব, কৈলাসগঞ্জ, কামারখোলা ও তিলডাংগা, তেরখাদার সাচিয়াদহ ও ছাগলাদহ, গোপালগঞ্জের টুংগীপাড়ার ডুমুরিয়া ও গোপালপুর, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া, ঢাকার দোহারের নয়াবাড়ি, দিনাজপুরের ঘোড়াঘাটের পাশলা, নেত্রকোনার খালিয়াজুরির গাজিপুর, নোয়াখালীর হাতিয়ার চরইশ্বর ও চরকিং, পাবনার বেড়ার রূপপুর ও কৈটোলা, পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালী, পঞ্চগড়ের তেতুলিয়ার তিরনইহাট, বাগেরহাটের মোংলার চাঁদপাই ও বুড়িরডাংগা, রামপালের গৌরন্বা ও রাজনগর,  ফকিরহাটের নলধা-মৌভোগ, কচুয়া উপজেলার মঘিয়া, রাড়ীপাড়া ও বহরবুনিয়া, মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি, বরগুনা সদর উপজেলার বদরখালী, বরগুনা, ফুলঝুরি ও কেউড়াবুনিয়া, আমতলীর কুকুয়া, বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি, বাকেগঞ্জের পাদ্রিশিবপুর, বরিশাল সদরের শায়েস্তাবাদ, মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি, লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা, সাতক্ষীরার দেবহাটার কুলিয়া, কালিগঞ্জের চাম্পাফুল ও ধলবাড়িয়া, সদর উপজেলার বৈকারী, শ্যামনগরের আটুলিয়া, ​ডুরুলিয়া, বুড়িগোয়ালিনী ও কাশীমারী, কলারোয়ার কয়লা, দেয়াড়া, যুগীখালী ও কেরালকাতা এবং সিলেট সদরের টুকেরবাজার।

আ.লীগের প্রত্যয়ন ছেড়ে জেপিতে

আওয়ামী লীগের প্রত্যয়ন পাওয়া প্রার্থী জাতীয় পার্টি জেপি’র হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় এক ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের কোন প্রার্থী নেই।

ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন জানান, পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউপিতে দেলোয়ার হোসেন শিকদারকে প্রার্থী ঘোষণা করেছিল ক্ষমতাসীন দল। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যয়নও পেয়েছিলেন।

“কিন্তু জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন জমা দেওয়ায় তিনি এখন বাইসাইকেল প্রতীকে লড়বেন।”

ওই ইউপিতে জেপি ও বিএনপি ছাড়াও র চেয়ারম্যান পদে স্বতন্ত্র দুই প্রার্থী লড়ছেন বলে শিয়ালকাঠির রিটার্নিং অফিসার খান জুলহাস কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

“আওয়ামী লীগ সভানেত্রী ও জেপি চেয়ারম্যানের প্রত্যয়ন নিয়ে এলেও দেলোয়ার হোসেন শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেপি’র হয়ে।

“আওয়ামী লীগের হয়ে জাকির হোসেন নামের অন্য একজন মনোনয়নপত্র দিলেও দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে না পারায় তারটা বাতিল হয়ে গেছে।”, বলেন এ কর্মকর্তা।

প্রথম ধাপে ২২ মার্চ ৭৩২ ইউপিতে চেয়ারম্যান ছাড়াও সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। ইসির তফসিল অনুযায়ী এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি,২৩ এপ্রিল ৭১১টি ইউপি,৭ মে ৭২৮টি ইউপি,২৮ মে ৭১৪টি ইউপি ও ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

পুরনো খবর:

দ্বিতীয় ধাপেও নৌকা ১৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীহীন
সরকারের কোনো চাপ নেই: সিইসি
ক্ষমতাসীনদের একচেটিয়া জয়ের ছকে ইসি: বিএনপি