দ্বিতীয় ধাপেও নৌকা ১৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীহীন
ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপের ভোটে ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
এসব ইউপিতে ক্ষমতাসীন দলটির এই একক প্রার্থীরা মনোনয়নপত্র বাছাইয়ের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
প্রথম ধাপে প্রায় সাড়ে সাতশ ইউপির মধ্যে ৬০টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাধার কারণে বিএনপি নেতারা বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না বলে দলটির অভিযোগ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি প্রার্থী খুঁজে পাচ্ছে না।
আগামী ৩১ মার্চ সাড়ে ছয়শ’ ইউপিতে ভোট হচ্ছে। ২ মার্চ মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে ১০টি ইউপিতে একক প্রার্থী দেখা যায়।
বাজিতপুরের দিঘীরপাড়; গোপালগঞ্জের বোড়াশী, বৌলতলী, দুর্গাপুর, কাঠি; জয়পুরহাটের ধলাহার, দোগাছী, জামালপুর; ভোলা সদরের কাচিয়া, মাদারীপুরের ঝাউদী ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউপি চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগরে মনোনয়নপত্র জমার সময় একদিন বাড়ানো হয়েছিল।
সে সময় পেরিয়ে যাওয়া পার বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ইউনিয়নে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসির উপ সচিব সামসুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দ্বিতীয় ধাপের ৬৪৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ১১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৫৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫৫৩ জন।
৫৮টিতে ধানের শীষ নেই
দ্বিতীয় ধাপের ইউপিগুলোর মধ্যে ৫৮টিতে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি বলে ইসির তথ্যে দেখা যায়।
ইসির জনসংযোগ পরিচালক এস এস আসাদুজ্জামানের পাঠানো মনোনয়নপত্র জমা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৫টি রাজনৈতিক দল দ্বিতীয় ধাপে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সব কটিতে থাকলেও বিএনপির আছে ৫৮৭টিতে।
গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, হিরণ, কলাবাড়ী, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়া, গোবরা, গোপীনাথপুর, জালালাবাদ, কাজলিয়া, করপাড়া, লতিফপুর, মাঝিগাতি, নিজড়া, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল, উরফি; চট্টগ্রামের সীতাকুণ্ডের ৫নং ইউপি; জামালপুরের বাঁশচড়া, রাণীশংকৈলের ধর্মগড়; ফুলবাড়ীর আলাদিপুর, বিরামপুরের দিওড়, পলিপ্রয়াগপুর; ফরিদপুর উপজেলার ফরিদপুর; মাদারীপুরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কলিকাপুর, শিরখারা, দুধখালী, কেন্দুয়া, মুস্তফাপুর; সিরাজদিখানের চিত্রকোর্ট, রাজনগর; পীরগঞ্জের শ্যানেরহাট; কোম্পানীগঞ্জের তেলিখাল, ইছাকলস।
এবার অনলাইনে
বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগ আমলে নিয়ে একাধিক স্থানে মনোনয়নপত্র জমার সুযোগ দ্বিতীয় পর্বে দেয় ইসি।
পরবর্তী ধাপে অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
বিএনপি অভিযোগ করে আসছে, দুই ধাপে তাদের কয়েকশ’ প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। (ফাইল ছবি)
এ বিষয়ে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, “আমরা এখন একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতে অনলাইনেও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবে।”
অনলাইনে মনোনয়নপত্র জমার বিষয়ে কারিগরি দিক পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, টেকনিক্যাল বিষয়গুলো ঠিক হয়ে গেলে তৃতীয় ধাপে না হোক, চতুর্থ ধাপে অবশ্যই অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ করে দেওয়া যাবে।
সিইসি বলেন, “মনোনয়নপত্র দাখিল করতে পারছে কি না, তাই আসল বিষয়। মনোনয়নপত্র জমা দিতে পারলে একজন প্রার্থী হল, না কি ১০ জন প্রার্থী হল, তা প্রশ্নবিদ্ধ হয় না।”
বিএনপিকে ঢালাও অভিযোগ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঢালাও অভিযোগ করে লাভ নেই। স্থান-কাল-পাত্র উল্লেখ করে অভিযোগ দিতে হবে।”
একাধিক প্রার্থী দুই ইউপিতে
দুটি ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপি দুজন করে প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন ইসির সহকারী সচিব আশফাকুর রহমান।
আওয়ামী লীগের দুই প্রার্থী রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে, বিএনপির দুই প্রার্থী রয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপিতে।
দ্বিতীয় ধাপে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জেপি, এনপিপি, ইসলামী ফ্রন্ট, সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও জাকের পার্টি।
