২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: অভিযোগ আছে, নেই তদারকি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গোলযোগের খবর যেমন আসছে, তেমনি নির্বাচন কমিশনেও জমা হচ্ছে প্রার্থীদের অভিযোগ।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

তবে কমিশনের ‘তদারকরি অভাবে’ বেশিরভাগ নালিশ আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন একাধিক প্রার্থী।

অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, সুনির্দিষ্ট অভিযোগ তাদের হাতে নেই।

বৃহস্পতিবার প্রথমধাপের তফসিল ঘোষণার এক মাস পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যেই তৃণমূলের এ নির্বাচনকে কেন্দ্র করে অন্তত একডজন এলাকায় গোলযোগ-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহে শুধু ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন তিন জন।

খোঁজ নিয়ে জানা গেছে, শতাধিক উপজেলার ৭৩৩টি ইউপিতে ৪ মার্চ থেকে প্রচারণা শুরুর পর শতাধিক অভিযোগ নির্বাচন কমিশনে এসেছে। এসব অভিযোগ ফাইলবন্দি হলেও কোনো সুরাহা করা হয়নি।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ বিষয়ে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা খতিয়ে দেখা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা নিয়ে আমরা স্ব-উদ্যোগে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সব ইউপির ভোট বন্ধ করে দিয়েছি।”

অন্যদিকে দুই সাংসদের বিষয়ে ইসির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন দলের দুই সাংসদ বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা ও পাবনা-২ আসনের খন্দকার আজিজুল হক আরজুর কাছে বক্তব্য জানতে চেয়ে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।

তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ইউপিতে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে।

দলীয় একক প্রার্থীরা বাইরে বিদ্রোহী প্রার্থীরা থাকায় ইসির সমন্বয় সভায় গোলযোগের শঙ্কা করেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও।

আইনশৃঙ্খলা বাহিনীর শঙ্কার মধ্যে গত কয়েকদিনে বরিশালের আগৈলঝড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী লাবন্য আক্তার তালুকদার; একই উপজেলার ৫নং রত্নপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন আলম; জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন; ঝালকাঠীর রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউপির বর্তমান চেয়াম্যান জাহিদুল আবেদীন (জাহিদ) গোলযোগ, শঙ্কা নিয়ে ভিন্ন ভিন্ন অভিযোগ দাখিল করেছেন।

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় নির্বাচন কর্মকর্তা কোনো অভিযোগ আমলে না নেওয়ায় ইসিতে এসে অভিযোগের পক্ষে প্রমাণাদিসহ আবেদন জমা দিলাম। এখন ভরসা ইসি।”

এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলমের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রার্থী, প্রতিপক্ষ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়েও অনেকের অভিযোগ রয়েছে। আমাদের কাছে যেসব অভিযোগ আসছে তা কমিশনের নজরে আনতে ফাইলে উপস্থাপন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও নজর রাখা হচ্ছে।”

নির্বাচনী এলাকায় নির্বাহী হাকিম নিয়োজিত থাকায় আচরণবিধি তদারকিতেও কাজ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

কমিটি থাকলেও সাড়া নেই

খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়নপত্র জমা, নির্বাচনী ব্যয় থেকে আচরণবিধি তদারকি করতে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে ৮টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি বলে দাবি করেন ইসির আইন শাখার উপসচিব মহসিনুল হক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, দলীয়ভাবে ইউপি নির্বাচন নিয়ে অনেক এলাকায় সংঘর্ষ ও সহিংসতার খবর গণমাধ্যমে এসেছে। লিখিতভাবে ইসিতে কি অভিযোগ এলো, গোলযোগ-সংঘর্ষ কোথায় কোথায় হয়েছে-তার কোনো তথ্য ইসি সংরক্ষণ করছে না। সঠিকভাবে মনিটরিং না করায় প্রকৃত চিত্রও পাওয়া যাচ্ছে না।

তবে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম বলেন, “আমাদের কাজ ভাগ করা রয়েছে। সবাই নিজ নিজ কাজের বিষয়ে সচেতন। এ নিয়ে সমন্বয়হীনতা নেই। মাঠ পর্যায়ে আচরণবিধি তদারকিকে নির্বাহী হাকিমের পাশাপাশি ভিজিলেন্স টিম ও কয়েকটি সমন্বয় কমিটি কাজ করবে। যাতে সুষ্ঠূ পরিবেশ নিশ্চিত হবে আশা করি।”

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রথম ধাপে ইতোমধ্যে ৬২ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ২২ মার্চ ৭৩৩ ইউপিতে প্রথম ধাপে ভোট হবে। এতে ৩ হাজার ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন ও সংরক্ষিত পদে ৭ হাজার ৫৭৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

আরও ৫ ধাপে ভোট হবে এবার ইউনিয়ন পরিষদে।

পুরনো খবর:

ইউপি নির্বাচন: ভোলায় হামলায় নিহত ১
সাতক্ষীরায় ‘আ. লীগ বিদ্রোহীর’ হামলায় আহত ৫
দহবন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার
নির্বাচনী সহিংসতায় সিরাজগঞ্জে দুইজন গুলিবিদ্ধ
প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় চেয়ারম্যানকে ‘মারধর’
পটুয়াখালীতে নির্বাচনী সংঘাতে প্রার্থীর ভাই নিহত
এমপি রিমনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির
শেষ বুলেট পর্যন্ত লড়ার নির্দেশ সিইসির