নির্বাচনী সহিংসতায় সিরাজগঞ্জে দুইজন গুলিবিদ্ধ
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বাজারে দুই প্রার্থী ‘সমাবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে’ পুলিশ গুলি ছুড়েছে।
ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া বাজারে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান এএসপি মোতাহার হোসেন।
এএসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ার লিটন ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন নাজিরের সমর্থকরা নির্বাচনী অচরণবিধি ভঙ্গ করে প্রশাসনের অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টা করছিল।
“এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কিছু শটগানের গুলি ছোড়ে।”
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এই পুলিশ কর্মকর্তা জানেন না বলে দাবি করেন।
অপরদিকে বর্তমান চেয়ারম্যান ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন নাজির অভিযোগ করেন, “আমার নির্বাচনী প্রচারণার সময় লিটনের সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
“ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাবু ও লিটনের ছোট ভাই টিটোর নেতৃত্বে ৪০০-৫০০ লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আমার স্ত্রী রীনা খাতুন, ভাবি লতিফা বেগম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি সৈকত হাসান ফাত্তা, আব্দুল গাফ্ফার, হেলাল উদ্দিন, বেলাল হোসেন, আয়নাল উদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হন।”
এদের মধ্যে গুলিবিদ্ধ গোলাম ও হেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক আকরামুজ্জামান গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ার লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
