২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিতে ভোটের আগে আরও ৩১ জন নির্বাচিত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

এ ধাপে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম।

আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৪৩টি ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩১ জন ছাড়াও এই ধাপে ফেনীর পরশুরামের তিন ইউপিতে তিন জন একক প্রার্থী ছিলেন।

তবে মনোনয়নপত্র বাছাইয়ের আগে এখানে নির্বাচন বন্ধ রাখা হয়েছে বলে জানান উপসচিব সামসুল আলম।

তিনি জানান, ৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে দুই হাজার ৬৮৪ জন। এর মধ্যে এক হাজার ৫০৭ জন প্রার্থী ১৭টি রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে লড়ছেন; আর বাকি এক হাজার ১৭৭ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে রয়েছেন।

দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। বাকি ৬৪২ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছে দলটির, যার মধ্যে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিএনপি’র প্রার্থী রয়েছে ৫৬৪ ইউপিতে। এ ধাপে ৭৯ ইউপিতে কোনো প্রার্থী নেই দলটির।

এর আগে প্রথম ধাপে ১১৯ ইউপিতে প্রার্থী ছিল না বিএনপির। সে হিসাবে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ১৯৮ ইউপিতে দলটির কোনো প্রার্থী পাওয়া যায়নি।

আর দ্বিতীয় ধাপে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আগে প্রথম ধাপে ৬২ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

সব মিলিয়ে দুই ধাপে দলটির ৯৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো।

 

পুরনো খবর:

দ্বিতীয় ধাপেও নৌকা ১৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীহীন
ইউপি ভোট: ১১৯টিতে নেই বিএনপির প্রার্থী
ভোটের আগেই আ. লীগের ৬২ জন চেয়ারম্যান