ইউপি ভোট: নালিশ নিয়ে ইসিতে বিএনপি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা, মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধাসহ নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি প্রার্থীদের বাধা এবং বাসা-বাড়িতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটির কঠোর সমালোচনাও করেছে বিএনপি।
রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবের কাছে অভিযোগ সম্বলিত চিঠি দিয়ে আসে বিএনপির প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন যুগ্মমহাসচিব রিজভী।
পরে রিজভী সাংবাদিকদের বলেন, “বিএনপির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ, মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি, বাসা-বাড়ি, পথে-ঘাটে এবং নির্বাচনী কার্যালয়েও সন্ত্রাসী কায়দায় হামলা করছে শাসক দলের ক্যাডাররা। প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে নিয়মিত।”
তিনি দাবি করেন, প্রথমধাপের ১১৪টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা ও প্রার্থিতা প্রত্যাহারের বাধ্য করার ঘটনা হয়েছে।
এসব বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে রিজভীর অভিযোগ।
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)
নির্বাচন কমিশন অভিযোগের কোনো ব্যবস্থা না নিয়ে ক্ষমতাসীন দলের একচেটিয়া জয়ের ব্যবস্থা করছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
“নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড নেই; তারা সরকারের আজ্ঞাবহ। ইউপিতে ক্ষমতাসীনদের একচেটিয়া দখল করে নেওয়ার যে ইচ্ছা, তাতে সিল মোহর দেওয়া জন্য কাজ করছে ইসি। ইসি এখন নির্বাহী বিভাগের ইচ্ছা পালন করছে।”
বিএনপি প্রতিনিধি দলে অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ দফতর সম্পাদক তায়েবুল ইসলামও ছিলেন।
অভিযোগ সুনির্দিষ্ট নয়: ইসি সচিব
প্রার্থীদের বাধা ও প্রত্যাহারে চাপ দেওয়ার বিষয়ে বিএনপির অভিযোগকে ‘ঢালাও ও সুনির্দিষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
নির্বাচন কমিশন
বিএনপি চিঠি দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু অভিযোগগুলো ঢালাও। কোনো সুনির্দিষ্ট অভিযোগ নয়। আমাদের কাছে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি।”
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “দলটির একটি অভিযোগও আসেনি যে, ওই সময়, ওই জায়গায় অমুক ব্যক্তি ওই ঘটনাটি ঘটিয়েছে। আমি বলছি না বিএনপির অভিযোগ ভিত্তিহীন। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে। এজন্য আমি তিনটি তথ্য চাই। কে, কোথায় এবং কখন ঘটিয়েছে।”
‘সুনির্দিষ্ট অভিযোগ’ এলে নির্বাচন কমিশন তা দেখবে এবং ব্যবস্থা নেওয়া হবে, বলেন ইসি সচিব।
“সব নির্বাচনে ইসির ভূমিকা সব সময় নিরপেক্ষ ভূমিকা। ইসি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এ নির্বাচনগুলো পরিচালনা করছে। ইউপি নির্বাচনও সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পরিচালনা করবে।”
