বিএনপি আসলে প্রার্থী খুঁজে পাচ্ছে না: কামরুল
৭০টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী না থাকার জন্য বিএনপি সরকার সমর্থকদের বাধা-হুমকিকে দায়ী করলেও খাদ্যমন্ত্রী বলেছেন, আসলে দলটি থেকে প্রার্থী হতে চাইছে না কেউ।
দেশজুড়ে সাড়ে সাতশ’ ইউপিতে নির্বাচনের প্রচার চলার মধ্যে শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “প্রকৃতপক্ষে বিএনপি তৃণমূলে নির্বাচন করতে গিয়ে নেতা খুঁজে পাচ্ছে না। কারণ তৃণমূলে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব বিএনপি গড়ে তুলতে পারেনি।”
প্রথম পর্যায়ে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে আসছিলেন, মনোনয়নপত্র জমা দিতে তার দলের নেতাদের বাধা দেওয়া হচ্ছে।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হওয়ার পর দেখা যায়, ৭০টি ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই। যেসব প্রার্থী রয়েছেন তাদেরও মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলে রিজভীর অভিযোগ।
আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য রোজই তারা (বিএনপি)সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করছে। সংবাদ সম্মেলন করা বিএনপির এখন রুটিন ওয়ার্ক হয়ে গেছে।”
সরকার হটাতে ‘নাশকতার আন্দোলন’ চালিয়ে বিএনপি ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়েছে বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন। তারা বলছেন, বিএনপি থেকে এখন নেতা-কর্মী বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।
কামরুল ইসলাম(ফাইল ছবি)
নির্বাচনকে বিতর্কিত না করে তৃণমূলে দল গোছানোর জন্য বিএনপি নেতাদের পরামর্শ দেন কামরুল।
শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের স্মরণ সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী।
সাংস্কৃতিক জোটের একাংশের আয়োজনে এই আলোচনা সভায় অভিনেতা ফারুক, নাট্য নির্দেশক ফাল্গুনী হামিদ, অভিনেতা ড্যানি সিডাকও বক্তব্য রাখেন।
