২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন স্থগিত: চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলা

হাই কোর্ট নির্বাচন স্থগিত করার পর সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের বাড়িতে স্থাপিত হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 04:54 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের কড্ডা এলাকায় এ ঘটনার সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং আধঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়।

সয়দাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নবীদুল ইসলামের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ বর্তমান চেয়ারম্যান সৌপ্তিক আহম্মেদ মিঠুর। সৌপ্তিক আহম্মেদ এবার নির্বাচনে প্রার্থী হননি।

সৌপ্তিক আহম্মেদ অভিযোগ করেন, যমুনা নদীর ভাঙনের কারণে ইউনিয়নের একটি অংশ বিলীন হয়ে গেছে। পুনরায় ইউনিয়নের সীমানা নির্ধারণের আগে নির্বাচন না করতে গত বছর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাই কোর্টে একটি রিট করা হয়েছিল।

“সেই রিটের কারণে বুধবার হাই কোর্ট আসন্ন নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

“এ কারণে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নবীদুল ইসলামের সমর্থকরা হামলা চালিয়ে কড্ডা মোড়ে অবস্থিত আমার বহুতল বাসভবনের নিচ তলায় হাসপাতালের দরজা, জানালা, চেয়ার ও আসবাবপত্র ভাংচুর করেছে।”

এ সময় সিরাজুল ইসলাম নামে তার এক কর্মীকেও মারপিট করা হয় বলেও তিনি অভিযোগ করেন। 

নবীদুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন স্থগিতের কথা শুনে বিক্ষুব্ধ লোকজন সৌপ্তিক আহম্মেদ মিঠুর হসপিটালে হামলা চালিয়েছে।

ওই সময় মিঠুর সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ লোকজনের সংঘর্ষ ও মারপিটের ঘটনায় তার ৮/১০ জন সমর্থকও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সদর উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদিন বলেন, “আজ (বৃহস্পতিবার) হাই কোর্টের স্থগিতাদেশের কপি হাতে পেয়েছি। তিন মাসের জন্য সয়দাবাদ ইউপি নির্বাচন স্থগিত করেছে হাই কোর্ট।”

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।

এখানে আওয়ামী লীগ, বিএনপি এবং চার জন স্বতন্ত্র মিলে মোট ছয় জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন। বতর্মান চেয়ারম্যান সৌপ্তিক আহম্মেদ মিঠু নির্বাচনে নেই।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, নির্বাচন পিছিয়ে যাওয়ায় দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এসময় লোকজন মহাসড়ক অবরোধ ও বাড়িঘর ভাংচুর করলেও ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকায় বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করলেও আধাঘণ্টার মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।