ঝিনাইদহের এমপি আনারকে এলাকা ছাড়ার নির্দেশ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনারের কালীগঞ্জ পৌরসভায় দলটির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম।
তিনি বলেন, “নির্বাচনী এলাকা ত্যাগ করার বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপির কাছে বুধবার চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি এ এমপি যাতে পরবর্তীতে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাতে না পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সুপারকেও নির্দেশনা দেওয়া হয়েছে।”
২০ মার্চ কালীগঞ্জ পৌরসভাসহ দেশের ১০টি পৌর এলাকায় ভোট হওয়ার কথা।
ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার, প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলাসহ কিছু অভিযোগ কমিশনে জমা দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মাসুদুর রহমান মন্টু। এসব অভিযোগের সঙ্গে ভিডিওর সিডিও পাঠান তিনি।
আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্যরা স্থানীয় নির্বাচনে প্রার্থীর পক্ষে কোনো প্রচারে অংশ নিলে তা বিধি লঙ্ঘন।
বিধি লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে সরকার দলীয় তিনজন সংসদ সদস্যকে শোকজ করে ইসি। সেসময় পুলিশ সুপারদের কাছে নানা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতেও বলা হয়।
আড়াই মাস পর প্রতিবেদন চায় ইসি
গত ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হয়। আড়াই মাস পর ফের ১৪ জেলার পুলিশ সুপারের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি পাঠানো হয়েছে বুধবার।
ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার সহকারী সচিব রাজীব আহসান বলেন, “ওই সময় অনেক অভিযোগের বিষয়ে এসপিদের চিঠি দেওয়া হয়।
“অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে তারা কোনো প্রতিবেদন জমা দেননি। এখন ইসি এ সংক্রান্ত আপডেট জানতে চেয়েছে।”
তিনি জানান, অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো অগ্রগতি আছে কি না- জানাতে বলা হয়েছে এসপিদের।
এর মধ্যে রয়েছেন জয়পুরহাট, ফরিদপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, রাজশাহী, নারায়ণগঞ্জ, চট্রগ্রাম, জামালপুর, শরীয়তপুর, যশোর, রাজশাহী, পটুয়াখালী, ভোলা ও খাগড়াছড়ির এসপি।
পিরোজপুরে বনমন্ত্রীর বিষয়ে সায়
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের মধ্যে পিরোজপুর সফরে গেছেন স্থানীয় (পিরোজপুর-২) সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মন্ত্রী মঞ্জু সফরে ইউপি নির্বাচনে বিধিভঙ্গ হয়- এমন কাজে জড়িত না হওয়ার নিশ্চয়তা দেওয়ায় তার সফরে সম্মতি দেওয়া হয়েছে বলে জানান ইসির সহকারী সচিব আশফাকুর রহমান।
পিরোজপুরের জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, “১৬-১৯ মার্চ পিরোজপুর সফরে থাকবেন মন্ত্রী। তিনি শুধু পৌর এলাকায় অবস্থান করবেন এবং ইউপি নির্বাচনের কোনো প্রচারে অংশ নেবেন না।
“মন্ত্রী জানিয়েছেন, তিনি আচরণবিধি সম্পর্কে সজাগ ও বিধি ভঙ্গ হয়- এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না।”
আগামী ২২ মার্চ প্রথম ধাপে পিরোজপুর জেলার নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, নাজিরপুর, পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার সব ইউপিতে ভোট হওয়ার কথা।
