২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাব্বীকে নির্যা‌তন: আদেশের কপির অপেক্ষায় পুলিশ

পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাই কোর্টের দেওয়া আদেশের অনুলিপির অপেক্ষায় রয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাব্বীকে নির্যাতনের বৈধতা নিয়ে রিট আবেদনকারীরা এফআইআর করার জন্য মোহাম্মদপুর থানায় লিগ্যাল সার্টিফিকেট জমা দেয় বলে ওসি জামালউদ্দিন মীর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালতের আদেশের অনুলিপি এখনো আমাদের হাতে আসেনি। অনুলিপি পেলে আদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।”

দুপুরে লিগ্যাল সার্টিফিকেট নিয়ে থানায় যান রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী এবং রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার জাহিদ হাসান।

জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লিগ্যাল সার্টিফিকেট থানায় জমা দিয়েছি।”

হাই কোর্টের আদেশের অনুলিপি যাতে দ্রুত থানায় পৌঁছানোর ক্ষেত্রে তারা উদ্যোগ নেবেন বলে জানান।

দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ সোমবার রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেয়।

সেইসঙ্গে রাব্বীকে ‘বেআইনি’ নির্যাতন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা হবে না- তাও জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই একদিনের মধ্যে হাসপাতাল ছাড়ার সম্ভাবনা রয়েছে। এখানের চিকিৎসকরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য চেষ্টা করতে বলেছেন।

“হাসপাতাল ছাড়লেও অন্তত ছয় মাস নিয়মিত মানসিক কাউন্সিলিংয়ের জন্য হাসপাতালে আসতে হবে।”

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনাও করেন।

গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ।

সে সময় রাব্বীকে মারধরও করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তবে ওই অভিযোগ অস্বীকার করে এসআই মাসুদ বলেছেন, এতো রাতে রাব্বী কেন ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনো ‘সদুত্তর’ তিনি দিতে পারেননি।

এর পর ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতেই আদালত নির্দেশ দিয়েছে।

ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।

পুরনো খবর:

রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নেওয়ার নির্দেশ
রাব্বীকে নির্যাতন: বিচারিক তদন্ত, ক্ষতিপূরণ চেয়ে রিট
ব্যাংক কর্মকর্তা ‘নির্যাতনকারী’ এসআই মাসুদ সাময়িক বরখাস্ত
গুলি, গল্প সাজানোর হুমকি তাড়িয়ে বেড়াচ্ছে রাব্বীকে
মধ্যরাতে তল্লাশির নামে ‘ভয় দেখিয়ে টাকা আদায়’