২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাজাহান খানের মামলায় খালাস যুগান্তরের প্রকাশক ও সম্পাদক

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর শাজাহান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 05:03 PM

Updated : 08 Aug 2023, 05:03 PM

এক যুগ আগে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের দায়ের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলম ও প্রতিবেদক জসীম চৌধুরী সবুজ।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী এ রায় দেন।

রায় ঘোষণার সময় সালমা ইসলাম ও সাইফুল আলম আদালতে উপস্থিত ছিলেন। শাজাহান খানের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার বাদীর পক্ষে হাজিরা দেন।

আদালতের পেশকার নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো পূর্ণাঙ্গ রায় লেখা হয়নি। তবে আদালত লিখেছেন বাদীপক্ষ সন্দোতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে। 

রায়ের পর শাজাহান খানের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার বলেন, “আমরা ঠিকঠাক সাক্ষ্য দিয়েছিলাম। কেন খালাস দেয়া হলো এটা আদালত বলতে পারবেন। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।”

বিচারের সময় এ মামলাটিতে বাদী পক্ষে চার আর আসামিপক্ষে তিনজন সাফাই সাক্ষ্য দেন। 

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর শাজাহান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। 

মামলায় অভিযোগ করা হয়, দৈনিক যুগান্তর পত্রিকায় ২০১১ সালের ২৪ অগাস্ট ‘অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রীর কোটি কোটি টাকা অপচয়, ১৪ বার বিদেশ সফর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদটি করেন জসিম চৌধুরী সবুজ। পরদিন যুগান্তরের সম্পাদকীয়তে ‘নৌ খাতে অহেতুক অপচয়’ শিরোনামে কলাম লেখা হয়। যেখানে বলা হয়, শাজাহান খান অভিজ্ঞতা অর্জনের জন্য ১৪ বার বিদেশ সফর করেছেন। যা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন শাজাহান খান।


তিনি উল্লেখ করেন, মন্ত্রী নিযুক্ত হওয়ার পরে ৬ বার বিদেশ সফর করেছেন। অভিজ্ঞতা অর্জনের জন্য একবার বিদেশ সফর করেছেন।

শাজাহান খান মামলায় আরও বলেন, এ বিষয়ে প্রতিবাদলিপি পাঠালে যুগান্তর কর্তৃপক্ষ ভেতরের পাতায় তা নামমাত্র ছাপিয়েছে। প্রকাশিত সংবাদে পাঠকসহ বাদীর নির্বাচনী এলাকার জনগণ এবং দেশবাসীর কাছে বাদীর ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি অভিযোগ করেন, যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলম ও রিপোর্টার জসিম চৌধুরী সবুজ পরস্পর যোগসাজশে বাদীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর, সুনাম ক্ষুণ্নকারী সংবাদ ও সম্পাদকীয় কলাম ছেপেছেন।
এর ফলে সরকার ও শাজাহান খানের সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে দাবি করা হয়; যা অর্থের পরিমাণে ১০ কোটি টাকার বেশি হবে। 

২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

মঙ্গলবার রায় ঘোষণার পর দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ
প্রকাশ ও প্রচার করে। এজন্য দৈনিক যুগান্তর পত্রিকা বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে শীর্ষ স্থানে আছে।

রায়ের প্রতিক্রিয়ায় সম্পাদক সাইফুল আলম বলেন, “একটা হয়রানিমূলক মামলায় দীর্ঘ ১২ বছর আদালতের বারান্দায় ঘুরেছি। যুগান্তরে বাদীর প্রতিবাদলিপি ছাপার পরও একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাশা করা যায় না।”