২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

“বকেয়া বেতনের জন্য যত জায়গায় যাওয়ার সবখানে গেছি; আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি,” বলেন এক শ্রমিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 01:30 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকার এফডিসি ক্রসিং অবরোধ করেছে অস্থায়ী রেল শ্রমিকরা। তাতে কেন্দ্রীয় স্টেশন কমলাপুরের সঙ্গে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়নমসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় এফডিসি রেল ক্রসিংয়ে অন্তত দুইশ শ্রমিক অবস্থান নেওয়ার পর থেকে এ অবস্থা সৃষ্টি হয়।

অবরোধের কারণে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যেতে পারছে না। আর কমলাপুরগামী ট্রেন তেজগাঁও, বিমানবন্দর, ক্যান্টনমেন্টসহ বিভিন্ন স্টেশনে আটকে আছে।

কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিএলআর (অস্থায়ী শ্রমিক) শ্রমিকরা বেলা সাড়ে ১০টায় এফডিডি গেইটে রেললাইন অবরোধ করেছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

বেলা সাড়ে ১২টার সময়ও রেললাইন অবরোধ রেখেছেন শ্রমিকরা। দাবি আদায়ে তাদের কণ্ঠে নানা স্লোগান শোনা গেছে।

মোহাম্মদ আবদুল কাদের নামে একজন গেইটম্যান বলেন, তাদের গত পাঁচ মাসের বেতন বকেয়া পড়েছে। চলতি মাস নিয়ে ছয় মাস। বেতন পরিশোধের অনুরোধ নিয়ে বিভিন্ন দপ্তরে গিয়েছেন তারা। 

“যত জায়গায় যাওয়ার সবখানে গেছি। আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। আমাদের দাবি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। আমাদের আরেকটা দাবি আছে, যেটা আমরা ২০২২ সাল থেকে জানিয়ে আসছি- আমাদের চাকরি স্থায়ী করতে হবে।”

বাংলাদেশ রেলওয়েতে গেইটম্যান, ওয়েম্যান, পোর্টার খালাসিসহ বিভিন্ন পদে প্রায় ৮ হাজার অস্থায়ী কর্মচারী কাজ করছেন।