১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ রাঙিয়ে আবার এক নম্বর মুনি

বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়ে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 03:22 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

সেমি-ফাইনালে ঝড়ো ইনিংস। ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলে প্লেয়ার অব দা ম্যাচ। আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দা টুর্নামেন্ট। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পথ ধরে সপ্তাহটি আরও রঙিন হয়ে উঠল বেথ মুনির জন্য। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার।

এই নিয়ে পঞ্চমবার ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মুনি। তার চেয়ে বেশি সময় শীর্ষে ছিলেন কেবল একজনই। তার দেশেরই কিংবদন্তি কারেন রোল্টন চার বছরের বেশি সময় ছিলেন সবার ওপরে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৪৯ বলে ৬৪। অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তম শিরোপা জয়ের পথে তিনি ৪৭.৬০ গড় ও ১৪২.৫১ স্ট্রাইক রেটে করেন ২৩৮ রান। 

এই পারফরম্যান্সেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। তার উদ্বোধনী জুটির সঙ্গী জর্জিয়া ভল নেমে গেছেন দুইয়ে।

দুই থেকে তিনে নেমেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ট। শীর্ষ দশে আর পরিবর্তন নেই। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন ভুলভার্টের স্বদেশি ট্যাজমিন ব্রিটস।

বাংলাদেশের সেরা নিগার সুলতানা এক ধাপ নেমে এখন আছেন বিশে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। তিন থেকেই দুইয়ে উঠেছেন আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই থেকে তিনে নেমেছেন তার সতীর্থ চার্লি ডিন। 

দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার ধাপ এগিয়ে উঠেছেন দশে। 

বাংলাদেশের সেরা রাবেয়া খান আগের মতোই আছেন ১৭ নম্বরে। 

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই পরিবর্তন। যথারীতি এক নম্বরে অ্যামেলিয়া কার, দুইয়ে চামারি আতাপাত্তু। 

এখানে বাংলাদেশের সেরা রাবেয়া আছেন ৩০তম স্থানে।