২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাজাপ্রাপ্ত ৬ আসামির জামিন

সাতক্ষীরার আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে এই ছয় আসামিকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 02:07 PM

Updated : 11 May 2023, 03:14 PM

দুই দশক আগে সাতক্ষীরায় গাড়ি বহরে হামলা চালিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় নিম্ন আদালতে চার বছরের সাজাপ্রাপ্ত ছয় আসামিকে জামিন দিয়েছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- গোলাম রসুল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম।

আসামিদের পক্ষে শুনানি করেন গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সড়ক পথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।

শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা সেদিন আহত হন।

ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন কলারোয়া থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

তখন সাতক্ষীরার আদালতে নালিশি অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়।

ওই মামলা খারিজ হয়ে যাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

তদন্ত শেষে তখনকার পুলিশ পরিদর্শক শফিকুর রহমান বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের পৃথক ধারায় দেওয়া তিনটি অভিযোগপত্রের মধ্যে হত্যাচেষ্টা মামলার রায় হয় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীর ৫০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

পুরনো খবর:

হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিতই থাকছে

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব এবং বিএনপিকর্মী আরিফুর রহমান ও রিপনকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চুকে নয় বছরের কারাদণ্ড এবং বাকি ৪৬ জনকে চার থেকে ছয় বছরের সাজা দিয়েছে আদালত।