বিরিয়ানি খেতে বেরিয়ে লাশ হয়ে ফিরল কলেজছাত্র
পুলক গোমেজ মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বন্ধু জাহেদ হাসানও এখন হাসপাতালে ভর্তি।
গভীর রাতে বন্ধুর সঙ্গে পুরান ঢাকার বিরিয়ানি খেতে বেরিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে এক কলেজছাত্রের।
রোববার ভোর পৌনে ৪টার দিকে রামপুরার ডিআইটি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার এসআই মেহেদী হাসান জানান।
নিহত পুলক গোমেজ (২১) মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাইক চালাচ্ছিলেন তার বন্ধু জাহেদ হাসান (২১), তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
পুলকের দুলাভাই রনি রোজারিও বলেন, “রাত ১২টার দিকে জাহেদের মোটরসাইকেলে তারা দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খেতে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।
দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী পুলক ও জাহেদ। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মেহেদী।
তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে ট্রাকটি শনাক্ত করা যায়নি।
পুলক গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের বাহরাইন প্রবাসী বিপিন গোমেজের ছেলে। নর্দা সরকার বাড়ি এলাকায় এক বাসায় ভাড়া থাকে তাদের পরিবার। দুই বোন এক ভাইয়ের মধ্যে পুলক ছিলেন ছোট।
