২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থী নির্যাতন: উইলসের সাত শিক্ষককে আদালতে তলব

গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী ছত্রের বাবা ও প্রতিষ্ঠানটির সাবেক গভর্নিং বডির সদস্য শফিকুর রহমান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 06:36 PM

Updated : 23 Oct 2023, 06:36 PM

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষকসহ নয় জনকে হাজির হতে সমন জারি করেছে আদালত।

সোমবার এ মামলায় পিবিআইয়ের দেয়া প্রতিবেদনের সাপেক্ষে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই সমন জারি করেন।

যাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম সামসুল আলম, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষক ফয়সাল শামীম, মো. আতিক, ফেরদৌসী সুমী, তরিকুল আজম খান, প্রিতীষ বিশ্বাস, সিকিউরিটি গার্ড জিয়াউল হক জিয়া ও মাসুদ রানা।

বাদীপক্ষের আইনজীবী মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী ছত্রের বাবা ও প্রতিষ্ঠানটির সাবেক গভর্নিং বডির সদস্য শফিকুর রহমান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

পিবিআই ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।

মামলার আরজিতে বাদী বলেছেন, তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গভর্নিং বডির নির্বাচিত সদস্য ছিলেন। তার ছেলে তাইফুর রহমান (নাহিয়ান) ২০২২ সালে এই স্কুলের নবম শ্রেণির মানবিক (দিবা) শাখার ছাত্র ছিল।

গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি থাকার সময়ে প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সাময়িক বরখাস্ত এবং কুকীর্তির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হলে সেই তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন বাদী।

নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের বরাবর এক প্রতিবেদন দাখিল করেন তিনি। এরপর থেকে আসামিরা বাদী ও তার সন্তানের প্রতি বিরূপ আচরণসহ শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। অকারণে ক্লাসে দাঁড় করিয়ে রাখা এবং ছোট করে কথা বলাসহ অন্যান্য শিক্ষার্থীদের সামনে হেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হত তাকে।

এক পর্যায়ে নাহিয়ান শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বাদী মামলায় উল্লেখ করেছেন।