১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন দণ্ডিত সেলিম প্রধানের

দুর্নীতির মামলায় ৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন সেলিম প্রধান।

জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন দণ্ডিত সেলিম প্রধানের

সেলিম প্রধান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 05:56 PM

Updated : 14 Mar 2024, 01:15 PM

দুর্নীতির মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল করার পর আবারও জামিন চেয়ে আবেদন করেছেন দেশে অনলাইন ক্যাসিনোর ‘হোতা’ হিসেবে চিহ্নিত সেলিম প্রধান।

সেই আবেদন দায়েরের পর সোমবার তার আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেড় বছর আগে আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি। কিন্তু জামিন চাইলে হাই কোর্ট তা নাকচ করেছিলেন। এখন আমরা আপিল বিভাগে জামিন আবেদন জমা দিলাম।”

আগামী ৫ জুলাই আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ এই আবেদনের শুনানি নিতে পারেন বলে জানান এই আইনজীবী।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত সেলিম প্রধান। গত বছরের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁঞা এ রায় দিয়েছিলেন।

দুর্নীতি দমন আইন ও মুদ্রা পাচার আইনের দুই ধারায় বিচারক ৮ বছর সাজা দিলেও একযোগ সাজা চলবে বলে সেলিম প্রধানকে ৪ বছর কারাভোগ করতে হবে।

এই তথ্য জানিয়ে তার আইনজীবী আব্বাস চৌধুরী বলেন, “আমার মোয়াক্কেল প্রায় ৩ বছর ৯ মাস সাজা খেটে ফেলেছেন।”

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা পড়ে।

অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা পাচারের অভিযোগ আনা হয়। সেই মামলায়ই এখন সাজা ভোগ করছেন সেলিম।

পুরানো খবর:

সেলিম প্রধানের রাশিয়ান স্ত্রী আদালতে, কথা বললেন স্বামীর সঙ্গে

পুরানো খবর:

অবৈধ সম্পদের মামলায় সেলিম প্রধানের সাজা

পুরানো খবর:

পি২৪ গেইমিং: অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধান গ্রেপ্তার