২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার সুমন বলেছেন, বাংলাদেশে আনার পর নির্দিষ্ট স্থানে স্বর্ণের বারগুলো পৌঁছে দিতে পারলে তার ৭০ হাজার টাকার পাওয়া কথা ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 05:52 PM

Updated : 15 Oct 2023, 10:22 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সোয়া ৩ কেজি স্বর্ণসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শারজাহ থেকে আসা সুমন হোসেন (৪৩) নামের ওই যাত্রী শনিবার শাহাজালালে নামেন। ৭০ হাজার টাকার বিনিময়ে তিনি পেটের ভেতর এবং পায়ুপথে এই স্বর্ণের বারগুলো দেশে নিয়ে আসেন বলে বিমাবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান।

তিনি বলেন, চোরাচালান ঠেকাতে বিমানবন্দর এপিবিএন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই এর যৌথ অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণের বারগুলোর দাম আনুমানিক তিন কোটি ২০ লাখ টাকা।

সুমনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ব্যাগেজ সুবিধা ব্যবহার করে পণ্য আমদানির জন্য তিনি নিয়মিত বিদেশে যাওয়া আসা করেন। শারজাহ প্রবাসী মিজান এবং আনোয়ার নামের দুই ব্যক্তির অনুরোধে সুমন স্বর্ণের বারগুলো দেশে এনেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

জিয়াউল হক বলেন, “সুমন জানিয়েছে, বাংলাদেশে আনার পর নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারলে তার ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।“

এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে আসা সুমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কাস্টমস গ্রিন চ্যানেল যখন পার হচ্ছিলেন, তখন তার গতিবিধি দেখে সন্দেহ হয় বলে জিয়াউল হক জানান।

“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমন পায়ুপথে স্বর্ণ আনার কথা স্বীকার করলেও পেটের বিষয়টি এড়িয়ে যান। পরে স্ক্যানিংয়ে তার তলপেটেও স্বর্ণের বার ধরা পড়ে। এরপর সুমনের শরীর থেকে তিনটি নীল রঙের প্লাস্টিকে মোড়ানো প্যাকেট বের করে পুলিশ। এবং সেখান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়” বলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, জব্দ হওয়া বারগুলোর ওজন তিন কেজি ১৬ গ্রাম। এছাড়া ৯৯ গ্রাম ওজনের স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে সুমনের শরীর থেকে।