১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রিকসের সদস্য হতে চীনের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি

চীনা কমিউনিস্ট পার্টির নেতা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় তার দেশ।

ব্রিকসের সদস্য হতে চীনের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: বঙ্গভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 06:01 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহের কথা জানান চীনা মন্ত্রী। 

বঙ্গভবন এক বিজ্ঞাপ্তিতে জানায়, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। 

তিনি বলেন, পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। 

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারত্ব আগামীতে আরও জোরদার হবে।

এসময় ব্রিকসের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এছাড়া বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসার যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। 

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।

সাক্ষাতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা লিউ জিয়ানচাও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় তার দেশ। 

অবকাঠামো উন্নয়ন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আগামীতে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্ৰহী তার সরকার।

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের কথা উল্লেখ করে লিউ জিয়ানচাও বলেন, রাজনৈতিক পর্যায়ে এ সফর চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।