চৌধুরী আলম ‘গুম’: মায়া-জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
এ অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীর ছেলে আবু সাঈদ চৌধুরী।
বিএনপি নেতা চৌধুরী আলম ‘গুমের’ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ডিজিএফআইয়ের সাবেক ডিজি জিয়াউল আহসানসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী এ অভিযোগ দায়ের করেন বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
২০১০ সালের ২৫ জুন সন্ধ্যায় ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে সাবেক সিটি কাউন্সিলর চৌধুরী আলমকে অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- কর্নেল মো. মুজিবর, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক পরে লে. জেনারেল (বরখাস্ত) রিয়াজুল ইসলাম, মেজর এরশাদ, তৎকালীন র্যাব-২ এর উপ-অধিনায়ক খান মো. আকতারুজ্জামান এবং শেরেবাংলা নগর থানার তখনকার ওসি।
আরও রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ কাজল, কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য বঙ্গবাজার কমপ্লেক্সের প্রধান নিয়ন্ত্রক আফজাল হোসেন, মহানগর বিজনেস অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান আব্দুর রহমান হুজুর, মহানগর বিজনেস অ্যাসোসিয়েটসের সেক্রেটারি আব্দুল বাসেত মাস্টার, ফুলবাড়ীয়া সুপার মার্কেটের সভাপতি শাহজাহান খান, বঙ্গ কমপ্লেক্স ফুলবাড়ীয়ার সভাপতি মো. শাহজাহান, মীর আল মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক সাধারণ সম্পাদক ফুলবাড়ীয়া টার্মিনাল সংলগ্ন মার্কেটের উপ-পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু। এ ছাড়া অজ্ঞাত আরও অনেক রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
