এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে কার চালকের মৃত্যু
কারের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার নাখালপাড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একটি টয়োটা সেডান কার দুমড়ে-মুচড়ে একজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় মিলন নামে ওই কার চালক নিহত হন।
এতে মাহফুজ নামে আহত যাত্রীকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, দুর্ঘটনায় পড়া কার ও বাস- দুটোই ফার্মগেইটের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় কারটির চাকা পাংচার হলে সেটি হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে ধাক্কা দেয় ভিআইপি পরিবহনের ২৭ নম্বর রুটের বাসটি। এতে চালক নিয়ন্ত্রণ হারালে কারটি ঘুরে সামনের অংশ বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
তিনি জানান, আশপাশের লোকজন গুরুতর আহত মিলনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত মাহফুজ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
