০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

একজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়, আরেকজনের চট্টগ্রামের বোয়ালখালীতে।

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

শিকদার মহসিন ও বায়োজিদ রায়হান।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:44 PM

Updated : 02 Nov 2026, 12:41 AM

সংযুক্ত আরব আমিরাতে দুই সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, একটি ঘটনা ঘটে শুক্রবার সকাল ৮টারে দিকে; ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায়। সেখানে একজন তরুণ বাইক আরোহীর মৃত্যু হয়, যিনি পণ্য সরবরাহের কাজ করতেন।

দুবাই প্রবাসী আরেক বাইক চালক মোহাম্মদ আল আমিন হোসেন জানান, নিহতের নাম বায়েজিদ রায়হান (২৭)। তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নে। ৫ বছর আগে তিনি প্রবাসে আসেন।

শুক্রবার সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে প্রাণ হারান বায়োজিদ।

এর আগের দিন বৃহস্পতিবার সড়কে প্রাণ হারানো আরেক বাংলাদেশির নাম সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের এ বাসিন্দা বিদেশ আসেন দুই বছর আগে।

বৃহস্পতিবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল খোয়াজামিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে পিকআপে থাকা অবস্থায় লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। পুলিশ তাকে উদ্ধার করে শারজাহর আল কাসিমি হাসপাতালে নিলে বিকাল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার বলেন, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

দুজনের লাশ স্থানীয় হাসপাতালের হিমঘরে রয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে।