২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেলের কর্মচারীদের 'যৌক্তিক দাবি' আগেই মেনে নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

“এখন তারা যদি বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, এখন আমাদের অর্থের সংকুলান তো করতে হবে।“

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 02:15 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

আন্দোলনরত রেল কর্মচারীদের 'যৌক্তিক দাবি' আগেই মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

যেসব বাড়তি দাবি নিয়ে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি কর্মবিরতিতে গেছেন তা পূরণ করতে সরকারের বর্তমান সক্ষমতার বিষয়ে সংশয় প্রকাশ পেয়েছে অর্থ উপদেষ্টার কথায়।

সালেহউদ্দিন আহমেদ বলেন, "রেল কর্মীদের ওভারটাইম সংক্রান্ত যে যৌক্তিক দাবি ছিল সেটা অর্থ মন্ত্রণালয় মেনে নিয়েছে। বেশ কয়েকদিন আগেই তাদের যৌক্তিক দাবিগুলো মানা হয়েছে, আমরা দিয়েছি। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার।

“প্রত্যেকেরই একাধিক দাবি থাকবে। তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম এলাউন্স দিতে হবে। আমরা যতটুকু পেরেছি আমাদের সম্পদের হিসাব অনুযায়ী আমরা দিয়েছি।"

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিসয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অর্থ উপদেষ্টার কাছে রেল কর্মচারীদের চলমান আন্দোলন প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।

জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেছেন। 

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি; তাতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

সকালে কর্মবিরতি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনকারীদের দাবি পূরণের বিষয়টি নিয়ে রেল বিভাগ তাদের করণীয় করেছে। এখন বিষয়টি অর্থ বিভাগের 'হাতে রয়েছে' বলে জানিয়েছেন তিনি।

সরকারের চলমান অর্থ সংকটের প্রসঙ্গ তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, "আমার মনে হয় মোটামুটি যতটুকু যৌক্তিক ছিল আমরা সুবিধা দিয়েছি। এখন তারা যদি বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, এখন আমাদের অর্থের সংকুলান তো করতে হবে। আমি তো বাহির থেকে ঋণ করে হলেও মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছি।

“আমার এখানে যৌক্তিক কোন দাবি নিয়ে আসলে সাধারণত অর্থ মন্ত্রণালয় নিষেধ করি না। বিশেষ করে মানবিক কারণে এবং মানুষের চাকরি-বাকরির যদি অসুবিধা হয় আমরা যথাসম্ভব চেষ্টা করি।"

রানিং স্টাফদের দাবি নিয়ে তিনি বলেন, "অন্যান্যদের একই দাবি আছে। আমি যদি রেলের ক্ষেত্রে বলি যে তোমাদেরটা আমি দেখলাম, সেটা তো কঠিন। রেলের ওভার টাইমের যে ইস্যুটা ছিল সেটা আমরা সলভ করে দিয়েছি। ১০-১২ দিন আগে সেটার সার্কুলার হয়ে গিয়েছে। এখন যদি ওরা বলে যে পেনশন, গ্রাচুইটি এগুলো যোগ করতে হবে। এরকম সরকারি অন্যান্য সংস্থার তো আরো অনেক দাবি আছে।"

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরবার এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

“সরকার ঘোষণার পরেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে, এমন কথা সঠিক নয়। ঘোষণা কে দিল? আমরা এখনো ঘোষণা দেইনি।"

এদিকে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালকদের সংগঠন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

“আমাদের কর্মসূচি চলছে, চলবে; যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো নিরসন না করবে।"

রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ‘কর্মবিরতি চলবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি নাজমুল হাসান অপু বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি কমূসূচি চালিয়ে যাবেন।

আরও পড়ুন:

কর্মবিরতি চলবেআলোচনার পথও খোলাগার্ড কাউন্সিল সভাপতি

রানিং স্টাফদের দাবি পূরণ ‘অর্থ বিভাগের হাতে’, আলোচনার দরজা খোলা: উপদেষ্টা

সারাদেশে ট্রেন চলাচল বন্ধভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহে যাত্রীভর্তি ট্রেন রেখে পালিয়েছে চালকঅবরুদ্ধ স্টেশন সুপার

কর্মবিরতিকমলাপুর স্টেশনে পড়ে আছে পণ্য

ট্রেন বন্ধটিকেট রিফান্ড কীভাবে