০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

খালিদীর মৃত্যুতে দেশ ‘বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল’: জাতীয় প্রেস ক্লাব

“সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 02:50 PM

Updated : 03 Oct 2026, 02:50 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব।

শনিবার এক শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন অন্যতম পথিকৃৎ। তার অকাল মৃত্যুতে দেশ একজন সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্যক্তিগত সফরে লন্ডন সফররত তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

কর্মজীবনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও দ্য ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ (বাংলা) বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।