২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির দুলুর দুর্নীতি মামলা এক বছরে নিষ্পত্তির নির্দেশ

মামলাটি বাতিলে দুলুর করা আবেদন খারিজ করে এ রায় দিয়েছে হাই কোর্ট।

বিএনপির দুলুর দুর্নীতি মামলা এক বছরে নিষ্পত্তির নির্দেশ

হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 08:47 PM

Updated : 07 Nov 2022, 08:47 PM

বিএনপি নেতা মো. আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদের মামলাটি বিচারে আসার পথ খুলল এক যুগ পর।

মামলাটি বাতিলে দুলুর করা আবেদন খারিজ করে সোমবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ।

মামলাটির ওপর যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করে এক বছরের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে হাই কোর্টের এই রায়ে।

হাই কোর্টে দুলুর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে রাষ্ট্রের আইন কর্মকর্তা আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, “এ মামলায় স্থগিতাদেশ তুলে নিয়ে বিচারিক আদালতকে এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।”

এক কোটি ৬১ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাট থানায় যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. কামরুল আহসান।

এরপর ওই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন দুলু। হাই কোর্ট ২০১০ সালের ২৫ অগাস্ট কেন মামলাটি বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।

এরপর থেকে মামলার কার্যক্রম বন্ধ ছিল। চূড়ান্ত শুনানির পর সোমবার রুল খারিজ করে রায় দিল উচ্চ আদালত।