২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় উদ্ধারকাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে জনমত তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকায় উদ্ধারকাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ডিআরইউতে ‘ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2023, 05:32 PM

Updated : 15 May 2023, 05:32 PM

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে ঢাকার অনেক জায়গায় উদ্ধারকাজ চালানোর মতো পর্যাপ্ত অবকাঠামো এবং সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধের কোনো প্রযুক্তি নেই, ফলে ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে।

“কিন্তু আমাদের করণীয় হচ্ছে যেকোনো ভবন বা অবকাঠামো তৈরির সময় তা ভূমিকম্প সহনীয় ও জাতীয় বিল্ডিং কোড মেনে নির্মাণ করা। তবে রাজধানী ঢাকার অনেক এলাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই। সময় থাকতে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।”

তাজুল ইসলাম বলেন, সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। কিন্তু সেখানে প্রশস্ত রাস্তা ও উন্মুক্ত স্থান ছিল বলে মানুষ ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় পেয়েছিল।

“এ কারণে মানুষের প্রাণহানি কম হয়েছে। ঢাকায় সে বাস্তবতা কতটুকু রয়েছে তা জনগণের সামনে প্রতিনিয়ত তুলে ধরা, জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য জনমত তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, স্থপতি ইকবাল হাবিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।