২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় চিংড়ি ব্যবসায়ী খুনের ঘটনায় ঢাকায় গ্রেপ্তার ১৪

আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল ও অন্তর্কোন্দলের ঘটনাটি ঘটে বলে র‌্যাবের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 10:37 PM

Updated : 18 Jan 2024, 10:37 PM

কক্সবাজারের চকরিয়ার এক চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শহিদুল ইসলাম লিটন (৪৫), আবু জাফর (৫০), সোহেল (৩৭), আজগর আলী (৪৫), আবুল হোসেন পাখী (৩৫), নাজমুল হোসাইন রকি (২৭), আবদুর রহিম (৪৮), জয়নাল আবেদীন (৫৫), শাহিন (২৩), মুহাম্মদ শাহাব উদ্দিন (৪৪), প্রদীপ কুমার শীল (৪৮), রিদুয়ান (৩১), আবদুল হক (৫৫) ও কাইছার (৩৫)।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন জানান, গত ৯ জানুয়ারি রাতে চকরিয়ার উপজেলার সাহারবিল এলাকায় রামপুরা চিংড়িঘের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে মোহাম্মদ হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডাকাতির নাটক সাজিয়ে এ হত্যাকাণ্ড ঘটলেও আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল ও অন্তর্কোন্দলের ঘটনাটি ঘটে বলে র‌্যাবের তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “হত্যাকাণ্ডের পর হত্যাটিকে নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার করে বিচারের দাবিতে আন্দোলনে নামেন খোদ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী।”

মঈন বলেন, চকরিয়ায় ‘রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির’ সভাপতি হিসেবে গ্রেপ্তার আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম লিটন দায়িত্ব পালন করে আসছিলেন। গুলিতে নিহত মোহাম্মদ হোসেন সমিতির সদস্য হিসেবে ৭ বছর ধরে চিংড়িঘের এলাকার ৪৮ একর জমির মধ্যে খামার-ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন, পাশাপাশি চিংড়িঘের পাহারার দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

সমিতিটিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন্য সদস্য রয়েছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সমিতির মালিকানাধীন সাহারবিলের রামপুর মৌজায় ৫ হাজার ১১২ একরের বিশাল একটি চিংড়িঘের রয়েছে। এর মধ্যে কিছু চিংড়িঘের সমিতির নিয়ন্ত্রণে ছিল না।

“নিয়ন্ত্রণে না থাকা চিংড়িঘের দখলে নিতে ৯ জানুয়ারি সন্ধ্যার পর থেকে লিটনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী সশস্ত্র মহড়া দিতে থাকে এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে কয়েকশ রাউন্ড গুলিবর্ষণ করে।”

ঘটনার বর্ণনা করে কমান্ডার মঈন বলেন, পরিকল্পনা অনুযায়ী আবু জাফর ও লিটন অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে সোহেল, আজগর আলী, আবুল হোসেন পাখী, নাজমুল হোসাইন রকি ও আবদুর রহিমকে গুলি করার দায়িত্ব দেয়। ৯ জানুয়ারি সকালে লিটনের নির্দেশে ফোন করে কৌশলে মোহাম্মদ হোসেনকে চিংড়িঘের এলাকায় ডেকে আনা হয়।

একপর্যায়ে সেখান থেকে মোহাম্মদ হোসেন দুপুরের পর বাড়ি ফিরতে চাইলে লিটন ও তার সহযোগীরা রাতে মিটিং আছে জানিয়ে তাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। ৯ জানুয়ারি রাতে মোহাম্মদ হোসেনকে পাশের লবণ চাষের খালি জমিতে নিয়ে গিয়ে লিটন তার অস্ত্রধারী সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীদের মাধ্যমে ডাকাতির নাটক সাজিয়ে একনলা বন্দুক দিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “হত্যার পর গ্রেপ্তাররা ঘটনাটিকে নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে মিথ্যা প্রচার-প্রচারণা চালায় ও হত্যার বিচারের জন্য আন্দোলন করতে থাকে।”

চিংড়িঘের দখল ও অন্তর্কোন্দলের কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামিরা ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “শহিদুল ইসলাম লিটন চিংড়িঘেরে নিজের প্রভাব বিস্তারের জন্য এলাকায় ৩০ থেকে ৩৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল গঠন করে। তারা অবৈধভাবে জমি দখল, হুমকি, মারামারি, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চকরিয়া থানায় দস্যুতা, মারামারি, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ সাতটির বেশি মামলা রয়েছে।”

সোহেলের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা, অপহরণ, নারী নির্যাতন, মারামারিসহ সাতটির বেশি মামলা রয়েছে। আবুল হোসেনের নামে চকরিয়া থানায় হত্যা, মারামারিসহ চারটি ও রহিমের নামে একটি মারামারির মামলা রয়েছে।

এছাড়া আবু জাফর ও লিটনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, তাদের বিরুদ্ধেও কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।