২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বাবা মান্নান সৈয়দ

জিনান সৈয়দ

Published : 16 Oct 2010, 12:35 AM

Updated : 22 Nov 2023, 04:43 PM


আবদুল মান্নান সৈয়দ ও রানু (মান্নান সৈয়দ-এর স্ত্রী), আজিম কলোনী ১৯৮৬

আজ রানুর বিয়ে। পাত্র একজন কবি। কবি যে কি জিনিস তা রানুর মাথায় ঠিক ঢোকে না। পাঠ্যপুস্তকে কবিতা পড়েছে অবশ্য। তবে তা শুধু পরীক্ষা পাসের জন্যই। পড়ালেখা, বই এসব শুনলেই রানুর গায়ে জ্বর আসে। যদিও সাতদিন বয়সে মাতৃহারা রানুর বড় পাঁচ বোনের তিনজনই বেশ পড়ুয়া। মেজবু তো আবার পত্রিকায় লেখা পাঠায়। ইত্তেফাক-এর মতো বনেদী পেপারে নাকি ছাপাও হয়। বাড়ীতে বেগম রাখে। সরকারী চাকুরে বাবার নির্দিষ্ট আয়ের পয়সায় দিন চলে এই সুন্দরী ছয় বোন ও দুই ভাইয়ের।

সৈয়দ বংশ ও রূপের গর্ব সব বোনেরই কম বেশী আছে। বড় ছেলেটি মায়ের বড়ই প্রিয় ছিল। মায়ের মতোই ক্ষুরধার চোখ। আর ছোট ছেলের সঙ্গে রানুর খুব ভাব, তার খেলার সঙ্গী ছিল যে।

সে যাক, বিয়ের কথা শুনে সত্যি বলতে কি রানু খুব খুশি। সাজগোজ করতে এবং বেড়াতে সে বড়ই ভালোবাসে। আর সাজার জন্য বিয়ের মতো বড় উপলক্ষ আর কি হতে পারে।

………
মান্নান সৈয়দ, বিয়ের আগে
………

কিন্তু কবি! আবার ছোট চাচার ছেলে শুনে একটু ভয় ভয়ই লাগে। ছোট চাচারা বেশ বড়লোক। ওদের নিজস্ব মস্ত বড় উঠান আর বিশাল বিশাল আম, কাঁঠাল, ফলসা, নারকেল, আরও সব নাম না জানা গাছ দিয়ে ঘেরা বিশাল দোতলা বাড়ী। লাল রংয়ের টয়োটা গাড়ীও আছে। ওদের বড় বোন ঘোড়ার গাড়িতে চড়ে স্কুলে যেত শুনেছে। একবার ওদের ছোট বোন শাহিনের বিয়েতে গিয়েছিল রানু। ভাইগুলো সব লম্বা, লম্বা, খুব আত্মবিশ্বাসী, জোরে জোরে কথা বলে, হাসে, সুদর্শন, একটু বোধহয় অহঙ্কারীও। বোনগুলি সুন্দরী। চাচী'টা খুব মিশুক আর খুব চমৎকার করে গুছিয়ে কথা বলে। কথা শুনলেই বোঝা যায় বুদ্ধিমতী। চাচাতো বোনেরা রানুকে বার বার দেখছিল, এটা সেটা জিজ্ঞেস করেছিল। কিন্তু রানু কখনো এই কবি পাত্রকে (ওরা ডাকে ছোটভাই) দেখেনি। কি জানি কবিরা দেখতে কেমন হয়! বউকে ভালোবাসে তো? বেড়াতে নিয়ে যায়? শাড়ী কিনে দেয়! রানুর আবার মনটা খুব নরম। যে কারও দুঃখের কথা শুনলেই চোখে পানি আসে। বাবার খুব আদরের মেয়ে, বাবা ছাড়া পারতপক্ষে কেউ তাকে শাসন করে না। কবি সাহেব একদিন এসেছিল ওদের বাড়ীতে, বিয়ের কথা পাকা হবার পর, এত্ত বড় গোঁফ, দাড়িও ছিল। দরজার আড়াল থেকে দেখে রানু'র সেকি কান্না! পরে রানুর বড় ভাবী পাত্রকে কি সব বুঝানোর পর আবার একদিন সে আসল। দাড়ি, গোঁফ কিচ্ছু নেই। রূপবান, কান্তিময়, দীর্ঘদেহী, স্বল্পবাক, একটু লাজুক যুবক। রানুর কিন্তু বেশ পছন্দ হল, একটু লজ্জাও পেল, ওমা কেমন লোক! দিব্যি দাড়ি, গোঁফ কেটে আবার এসে হাজির!

এবার একটু মান্নান এর কথা বলি। বাল্যকাল থেকেই সে বাড়ীর সবার থেকে একটু আলাদা। ভীষণ রোগা আর খুব ফর্সা মান্নানের ঠোটদুটি টুকটুকে লাল ছিল ছোটবেলা। পাঠ্যবইয়ের তলায় লুকিয়ে গল্প, উপন্যাস পড়া তার একমাত্র শখ। চিরন্তন নিয়ম মেনে ব্যতিক্রমী ছেলের প্রতি মায়ের একটু দুর্বলতা ছিল। ভীষণ কড়া নিয়মকানুন মেনে চলা বাবার শাসন থেকে ছেলেকে বরাবর তিনিই রক্ষা করে চলতেন। ছেলেটা তার মরেই যাচ্ছিল টাইফয়েডে, নানীর সেবা, আল্লাহর রহমতে বেঁচে গেছে। বরাবরই একটু লাজুক প্রকৃতির ছেলেটা কিসব লেখালেখিও করে, তিনি বাধা দেন নি। তিনি নিজেও যে পড়তে বড়ই ভালোবাসেন। তার এই কড়া স্বামীও গালিবের ভক্ত। নিয়মিত ডায়েরী লেখেন।

নিজস্ব জগৎ-এ মত্ত এই ছেলে পরীক্ষার ফলাফল কিন্তু ভালো করে। ছেলেটাকে নিয়ে তার একটু দুশ্চিন্তা হয়ই। আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছিল। বাবার ভয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে সরকারি চাকুরির পরীক্ষায় ফার্স্ট হল। এখন চাকরি করছে ঠিকই কিন্তু পিঠাপিঠি বোন নার্গিস, শিরিন কে বিয়ে না দিয়ে বিয়েই করবে না। চারদিকে ছেলেটার বেশ নাম ডাক হচ্ছে, বহু গুণী মানুষ মুল্যায়ন করছে তার ছেলের। নতুন বই, ছেলের নিজের বই–মায়ের বিস্ময় হয় বইকি! কিন্তু এত বাস্তবজ্ঞানহীন, উদাসীন ছেলের জন্য যে একটা শান্ত, লক্ষ্মী, সংসারী, সুন্দরী মেয়ে দরকার। অনেক বড় বড় ঘর থেকে দু'তিনটি প্রপোজাল পেয়েছেন, কিন্তু তিনি তার ছেলেকে ভালই চেনেন। সংসার করতে হবে তো! তার অবশ্য একটা মেয়েকে পছন্দ। রানু।

আবদুল মান্নান সৈয়দ ও রানু (মান্নান সৈয়দ-এর স্ত্রী), বিবাহ বার্ষিকী, ২০০৯

বিয়ে হল রানু আর মান্নান সৈয়দের। বাসর ঘরে ঢুকে রানু অবাক! একি ফুলের বদলে ঘর ভর্তি বই। মেঝেতে বই, খাটে বই, ঘরভর্তি শুধু বই আর বই। খাটের অনেকখানি জুড়ে শুধু বই। কিছু বই সরিয়ে একটু জায়গা করে খাটে বসল রানু।

এই বইয়ের সাম্রাজ্যে জন্ম আমার। আমি জন্ম থেকেই জানি আমার বাবা একজন কবি, লেখক।
আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক জন্ম থেকেই বন্ধুত্বের। আমাদের ঝগড়া, তর্ক-বির্তকও হত খুব। আব্বুই আমার মান ভাঙ্গাত, আর অবাস্তবের ঘোরে থাকা আমার বাবাকে আমি নিজের ছেলের মতো সব বুঝাতাম। সাহিত্যকে ঘিরে তার অভিমান, আশেপাশের মানুষের সঙ্গে তার দূরত্ব। মানুষের প্রতি তার তীব্র ভালোবাসা ও অবুঝ অভিমান সব আমিই তাকে বোঝাতাম যুক্তি ও ভালোবাসা দিয়ে, কখনও রাগ করে। শুধু আমার বাবা আমার বন্ধু ছিলেন। আমরা সারাজীবন প্রচুর গল্প করেছি, মানুষ, মানুষের অনুভূমি, প্রেম, মানুষের বোকামী, হতাশা, তৃপ্তি, অতৃপ্তি, প্রকৃতি, সমাজ–কি ছিল না আমাদের গল্পের বিষয়! আব্বু নিজে আমার নাম শম্পা রেখেছিলেন। আব্বুর ছোটাগল্প "জলপরী"র নায়িকার নামে। শম্পা অর্থ বিদ্যুৎ। আব্বুর ভাষায়, মেঘের আঁচলে রূপালি রেখা। কিন্তু জিনান নামেই আব্বু আমাকে ডেকেছেন আজীবন। একটা সময় পর্যন্ত আব্বু ছাড়া কেউ আমাকে জিনান ডাকলে রেগে যেতাম আমি। জিনান, ডাকটা আব্বুর নিজস্ব।

খুলনায় মেয়েকে নিয়ে আবদুল মান্নান সৈয়দ, ১৯৭৮

চিকিৎসার ব্যাপারে-আব্বুর ভাষায় অস্ত্রপ্রচার-বুঝাতে পারিনি আব্বুকে। তাই এখন আব্বুকে নিয়ে আমাকে লিখতে হচ্ছে। নইলে তো আমার আব্বুই লিখত আরো শত শত কবিতা, গল্প, উপন্যাস, মননশীল গ্রন্থ।

আর আমার বাবা মায়ের সম্পর্কটা ছিল ভালোবাসা, মায়া, নির্ভরশীলতা মিশানো। আমার মা পুরোপুরিই সমর্পিত একজন নারী যার জীবনে পতিই পরমেশ্বর। আর মায়ের সেবা ও সহযোগিতার উপর আব্বু পুরোপুরিই নির্ভরশীল ছিল। আব্বুর সায়রা-কে কবিতার দুইতিন লাইনেই সব বলা আছে।

আকাশ আঁধার করে নেমে আসে নৈরাশা যখন
ভূবন ভাসিয়ে নেয়, সবই রন্ধ্রহীন অন্ধকার
তখনো নিশ্চিত জানি, খোলা আছে তোমার দুয়ার।

এই পরস্পর নির্ভরশীলতা সাহিত্য বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ না থাকা আমার মাকে বদলে দিয়েছিল অনেক খানি। দুজনে পাশাপাশি বই গুছানো, বইয়ের আলমারী সংরক্ষণ ও কখন কি বই লাগবে তা হাতে হাতে গোছানো–এই-ই তো করত ওরা হাসিমুখে, ক্লান্তিহীন। (আব্বুর মননশীল বইয়ের একপাতা পড়লেই তো বোঝা যায় কি নিরলস পরিশ্রম, একাগ্রতা, নিবিষ্টতা আর গবেষণা তাঁর, কোন একটা বিষয় নিয়ে) এসবে তো মা' আব্বুকে সহযোগিতা করেছেন আজীবন। আব্বু মুডে থাকলে বলত "তিনজন সেক্রেটারী রাখতে হত, তোর মা না থাকলে! আমার শৈশবে আব্বু মা'কে মাঝে মাঝে "দিদিমনি" বলে ক্ষ্যাপাত।

দুই দিগন্তের দুই রূপবান যুবক-যুবতীর প্রেমময় মিলনে এই বোঝা না বোঝার বোধ একসময় পরিণত হয়েছিল পরম নির্ভরশীলতায়।

আমার বাবাকে নিয়ে লিখতে গেলে কলম থামবে না আমার। আবার কোথাও লিখব আব্বু, আমাদের বাবা মেয়ের গল্প।
১.১০.১০